বিরোধীদলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা গাড়ি পোড়ানো মামলার বিচারিক আদালতের (দ্রুত বিচার আদালত-৫) কার্যক্রম স্থগিতের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়। আজ সোমবার এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা। ওই আদালত গঠনের বৈধতা নিয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট হাইকোর্ট দ্রুত বিচার আদালত-৫-এর কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদনটি দাখিল করা হয়েছে। সোমবার (আজ) বিষয়টি শুনানির জন্য আসবে। দ্রুত বিচার আদালত গঠনসংক্রান্ত গেজেটটিও আবেদনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ২৯ এপ্রিল তেজগাঁও থানায় মামলা করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৫ নেতার বিরুদ্ধে গত ১০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২৭ মে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। ৯ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এক আদেশে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্ল্লাহকে দ্রুত বিচার আদালত-৭-এর বিচারক নিয়োগ এবং তাঁর অধিক্ষেত্র নির্ধারণ করে দেন। সরকারি গেজেট জারির পরিবর্তে সিএমএমের দেওয়া আদেশের মাধ্যমে বিচারকের এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। তিনি নিজেও এই মামলার আসামি। ৩১ জুলাই দ্রুত বিচার আদালত-৭ এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন। ধার্য তারিখে আসামিরা আদালতের ওপর অনাস্থা জানালে সিএমএম মামলাটি দ্রুত বিচার আদালত-৫-এ পাঠান। ওই দিন এই আদালত মামলায় ৪৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং ৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ অবস্থায় ৬ আগস্ট এ বিষয় নিয়ে একটি সম্পূরক আবেদন দাখিল করে রিটকারী পক্ষ। প্রাথমিক শুনানির পর ৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করে ওই মামলার বিচারিক আদালতের (দ্রুত বিচার আদালত-৫) কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেন। রুলে গেজেট জারি না করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) দেওয়া আদেশের মাধ্যমে বিচারকের এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত-৫ গঠন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে আইন, মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন সচিব, মুখ্য মহানগর হাকিমসহ ছয় বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।