দ্রুত বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি

পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী অর্পিতা রানী দাস (১২) হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও নিহতের পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার পিরোজপুর চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিভতোষ রায় বলেন, শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের স্বপন দাসের মেয়ে অর্পিতা রানী দাস গত বছরের ২৮ জুন দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাত নয়টার দিকে বাড়ির পাশের একটি নালায় মেয়েটির লাশ পাওয়া যায়। সে সময় তার মুখ ও শরীরের স্পর্শকাতর স্থানে ক্ষতচিহ্ন ছিল। এরপর অর্পিতার মা শিল্পী রানী দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
বাংলদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন বলেন, ‘পিরোজপুরে যাঁরা নেতৃত্ব দেন, তাঁদের দায়িত্ব ছিল অর্পিতার পরিবারকে রক্ষা করা। তাঁরা সেই দায়িত্ব পালন না করে হত্যাকারীদের পক্ষ নিয়ে সুষ্ঠু বিচারকে প্রভাবিত করছেন। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও পরিবারটির নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’ পিরোজপুর জেলা গোয়েন্দা
পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, মামলাটির তদন্তভার নেওয়ার পর তিনি লাল চান শেখকে (৫৫) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন।
গত ১১ মে প্রথম আলোয় ‘অর্পিতা হত্যার বিচার চাইতে গিয়ে পরিবার বাড়িছাড়া’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়৷