দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে ফেরত গেছে ইজাহারুলের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে করা বিস্ফোরক মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে ফেরত গেছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য ফেরত যায় মামলার নথি। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়ায় যে আদালত থেকে মামলাটি বিচারের জন্য এসেছিল সেখানেই ফেরত যায় নথি।
২০১৩ সালের ৭ অক্টোবর চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। এ ঘটনায় বিস্ফোরক, হত্যা ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ খুলশী থানায়। বিস্ফোরক মামলায় মুফতি ইজাহার, তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে পরের বছরের ৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ। নয় আসামির মধ্যে মুফতি ইজাহার ও তাঁর ছেলে কারাগারে আটক আছেন। জামিনে রয়েছেন এক আসামি আবদুল হাই। বাকি আসামিরা পলাতক আছেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। মুফতি ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে করা বিস্ফোরক মামলাটির ১৩৫ কার্যদিবস শেষ হয়ে যাওয়ায় ট্রাইব্যুনাল থেকে ফেরত গেছে।
সরকারি কৌঁসুলি বলেন, ৪৬ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি মামলাটি বিচারের জন্য প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে ট্রাইব্যুনালে বিচারের জন্য আসে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, সাক্ষীদের বেশির ভাগ স্থানীয় বস্তি ও মাদ্রাসার ছাত্র। যে কারণে ঠিকানা পরিবর্তন হওয়ায় অনেককে পাওয়া যাচ্ছে না।