দ্রুত বিচার ট্রাইব্যুনালে আরও ৩০ মামলা
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আরও ৩০টি চাঞ্চল্যকর মামলা পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ট্রাইব্যুনালে পৌঁছেছে। বর্তমানে হিমাদ্রী হত্যা মামলাসহ পাঁচটি মামলা নিয়ে চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ২০১১ সালে নগরের বহদ্দারহাট এলাকায় দুই শিশুসহ মাকে খুনের মামলা, ২০১৩ সালে লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় মুফতি ইজাহারুল ইসলাম, তাঁর ছেলে হারুন ইজাহারসহ পাঁচজনের বিরুদ্ধে করা বিস্ফোরক মামলাসহ ৩০টি মামলার তালিকা এসেছে ট্রাইব্যুনালে। বিভিন্ন আদালতে বিচারাধীন এসব মামলার নথি কয়েক দিনের মধ্যে ট্রাইব্যুনালে এসে পৌঁছাবে। তারপর মামলাগুলোর বিচার কার্যক্রম শুরু হবে। ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলাগুলো নিষ্পত্তি করতে হবে।
পিপি জানান, চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটি গত জুন মাসে নগর ও জেলার ৩০টি আলোচিত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করে।