চট্টগ্রামের চাঞ্চল্যকর ২১ মামলা বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে সুপারিশ করে পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। গত ২০ মার্চ চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ২১ মামলার তালিকা পাঠান। চট্টগ্রাম আদালতে বিচারাধীন রয়েছে মামলাগুলো।
মামলাগুলোর মধ্যে ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হারুন ইজাহারের বিরুদ্ধে বিস্ফোরক মামলা এবং বহদ্দারহাটে বাসায় ঢুকে দুই শিশুসহ মাকে খুনের মামলা রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে জানান, চট্টগ্রাম আদালতে এক লাখ ২২ হাজারেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে চাঞ্চল্যকর ২১ মামলার তালিকা করে পুলিশ কমিশনার পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পর আইন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাবে মামলাগুলো বিচারের জন্য।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘এ ট্রাইব্যুনালে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা থাকায় সপ্তাহে দুই দিন মামলার শুনানির দিন ধার্য থাকে। এতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়। কিন্তু বর্তমানে মামলাশূন্য ট্রাইব্যুনাল।’
পুলিশ সূত্রে জানা গেছে, বছরের পর বছর আদালতে ঝুলে থাকা চাঞ্চল্যকর মামলাগুলোর মধ্যে ২১টি মামলার তালিকা তৈরি করে পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, মামলাগুলোর বেশির ভাগই বিচারের জন্য প্রস্তুত হয়নি। কয়েকটি মামলার সাক্ষ্য চলছে। ভুক্তভোগীদের ভাষ্যমতে, দুই থেকে তিন মাস অন্তর মামলার শুনানির তারিখ পড়ায় দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। আদালতে মামলাজটের কারণেই দ্রুত তারিখ পড়ে না।
২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি নগরের বাকলিয়ায় খাদিজা বেগম (৪৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে বাসায় ঢুকে খুনের চাঞ্চল্যকর মামলা এখনো বিচারের জন্য প্রস্তুত হয়নি। নিহত খাদিজার ভাই মোহাম্মদ ইউনুস প্রথম আলোকে জানান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হলে দ্রুত নিষ্পত্তি হবে। আইনের আওতায় আসবে আসামিরা। এখানে সপ্তাহে এক থেকে দুবার মামলার শুনানির তারিখ পড়বে। অন্য আদালতে মামলাজটের কারণে দুই থেকে তিন মাস অন্তর তারিখ পড়ে।