দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে পুলিশের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান ও তাঁর ভাইদের বিরুদ্ধে দায়ের করা চাঞ্চল্যকর ফারুক আহমেদ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে মামলার তথ্যসহ চিঠি দিয়েছে পুলিশ।
গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষ করে ওই মামলার অভিযোগপত্র ৩ ফেব্রুয়ারি আদালতে জমা দেয়। এতে সাংসদ আমানুর রহমান খান (রানা), তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খানসহ (বাপ্পা) ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর ওই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের লক্ষ্যে মামলার তথ্যসহ জেলা ম্যাজিস্ট্রেটকে গত মঙ্গলবার চিঠি দেন। এতে তিনি লিখেছেন, ‘ফারুক আহমেদ নিহত হওয়ার পর জাতীয় সংসদে এই হত্যার ব্যাপারে শোকপ্রস্তাব গৃহীত হয়। পরবর্তী সময়ে ওই শোকসন্তপ্ত পরিবারকে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে ডেকে নিয়ে সমবেদনা জানান। মামলাটি জেলায় একটি বহুল আলোচিত মামলা। এ নিয়ে বিভিন্ন জাতীয় সংবাদপত্রে অসংখ্য সংবাদ ও সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং জনমনে সুশাসনের প্রতি আস্থা বৃদ্ধির লক্ষ্যে মামলাটির বিচার দ্রুততম সময়ে সমাপ্ত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল, ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন।’
টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রথম আলোকে গতকাল বুধবার বিকেলে বলেন, ফারুক হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের বিষয়ে এসপির দেওয়া চিঠি তিনি পেয়েছেন। এখন এটি মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। ডিবির তদন্তে ওই হত্যাকাণ্ডে সাংসদ আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে। এরপর থেকে তাঁরা পলাতক রয়েছেন।