দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য জেলা ম্যাজিস্ট্রেটের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান রানা ও তাঁর ভাইদের বিরুদ্ধে করা ফারুক আহমেদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য জেলা ম্যাজিস্ট্রেট গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।
পুলিশ বিভাগ জেলা ম্যাজিস্ট্রেটকে ৮ ফেব্রুয়ারি এই হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য মামলার তথ্যসহ চিঠি দিয়েছিল।
টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন চিঠি পাঠানোর বিষয়টি গতকাল প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ এই মামলার অভিযোগপত্র দেয়। এতে সাংসদ আমানুর রহমান খান, তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়ার বাসার সামনে পাওয়া যায়। এর তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার তদন্তে এই হত্যায় সাংসদ আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার তথ্য বের হয়ে আসে। এরপর থেকে তাঁরা পলাতক রয়েছেন।