ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা এলাকায় ফিরোজ সরকার ওরফে শিমুল (২২) হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।
ফিরোজ হত্যা মামলার প্রধান আসামি হুমায়ুন কবীর ওরফে ভুট্টো ও তাঁর ভাই নুরুল কবীরসহ চার আসামি বর্তমানে কারাগারে আছেন। ১৫ মার্চ তাঁরা ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।
মানববন্ধনে অংশ নিয়ে মামলার সাক্ষীরা বলেন, আসামিদের পক্ষে দুর্বৃত্তরা তাঁদের ভয়ভীতি দেখাচ্ছে। এই বলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে, হুমায়ুন কবীর ও নুরুল কবীর জামিনে বের হয়ে এলে মামলার সাক্ষী ও আন্দোলনকারীদের ওপর প্রতিশোধ নেবেন। তাঁরা বলেন, আসামিরা জামিনে মুক্তি পেলে মামলা ভিন্ন খাতে চলে যেতে পারে। তাই দ্রুততম সময়ে এ হত্যা মামলার বিচার শেষ করে আসামিদের শাস্তি নিশ্চিত করার জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হোক।
মামলার বাদী ফিরোজের মাসহ তিনজন সাক্ষী নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে মানববন্ধনে জানানো হয়। মানববন্ধনে ফিরোজের মা ফিরোজা বেগম ও বাবা নূরুল ইসলামও অংশ নেন। এতে স্থানীয় একাধিক জনপ্রতিনিধিসহ দিঘারকান্দা এলাকার কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।