দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার নথি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালত থেকে মামলার নথি স্থানান্তর করা হয়। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, ষষ্ঠ সাক্ষী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়ের’ সাধারণ সম্পাদক জাওয়াদ আলীর জেরার দিন ধার্য ছিল গতকাল বুধবার। তাকে আংশিক জেরাও করা হয়। পরে আইন মন্ত্রণালয় থেকে একটি চিঠি এলে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান বলেন, ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন। মামলায় মোট ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।