দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি বদিপুর গ্রামের ইয়াকুব মিয়া হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে এলাকাবাসী সুনামগঞ্জ পৌর শহরে মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল বুধবার তাঁরা এই কর্মসূচি পালন করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি রাতে সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বদিপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়াকুব মিয়া (১৬) খুন হয়। ইয়াকুব বদিপুর এলাকার মৃত আজমত আলীর ছেলে। এ ঘটনায় পরদিন ইয়াকুবের বড় ভাই হযরত আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তিন আসামি সদর উপজেলার বুড়িস্থল গ্রামের বাদল মিয়া (২০), পৌর শহরের হাসননগর এলাকার শফিক মিয়া (২০) ও গুজাউড়া এলাকার জাকির হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর ওই তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।