দ্রুত বিচার ট্রাইব্যুনালেও দ্রুত নিষ্পত্তি হচ্ছে না মামলাগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন হলেও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এসব মামলার অধিকাংশের বিচারকাজ বন্ধ রয়েছে। কোনো কোনো মামলা ছয়-সাত বছর ধরে অনিষ্পন্ন রয়েছে। আইনজীবীরা বলেছেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্যোগী হতে হবে। দ্রুত বিচারের জন্য জনগুরুত্বসম্পন্ন ও চাঞ্চল্যকর মামলাগুলো ট্রাইব্যুনালে পাঠানো হয়।২০০২ সালের ১ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতির পর সারা দেশে ১০টি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়। এর মধ্যে ঢাকায় চারটি, ছয় বিভাগীয় শহরে রয়েছে ছয়টি ট্রাইব্যুনাল। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের ১৯ ধারায় বলা হয়েছে, প্রতিটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রতি ইংরেজি মাসের পরবর্তী সাত দিনের মধ্যে ওই মাসে যত মামলা বিচারাধীন ছিল এবং যত মামলা স্থগিত আছে, সেগুলোর নম্বর এবং মোট সংখ্যা, শুনানির তারিখ, নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা এবং মুলতবি মামলার সংখ্যা, মুলতবির কারণ এবং মুলতবি প্রার্থনাকারীর বিবরণসহ সুপ্রিম কোর্টে প্রতিবেদন দাখিল করবেন। এর অনুলিপি মন্ত্রণালয়ে পাঠাতে হবে।ট্রাইব্যুনাল সূত্র জানায়, প্রতিটি ট্রাইব্যুনাল মাসিক প্রতিবেদন তৈরি করে সুপ্রিম কোর্টে দাখিল করে। এর অনুলিপি আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়। মামলাগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় বিচারে বিলম্ব হচ্ছে, মামলাজট বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাইব্যুনালের এক কর্মকর্তা বলেন, ‘সুপ্রিম কোর্ট থেকে রুল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া না হলে আমাদের করার কিছু থাকে না।’সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, রুল নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীকেই উদ্যোগী হতে হবে। মামলাগুলোর ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ নিষ্পত্তিতে যত বিলম্ব হবে, আসামিপক্ষ তত সুবিধা পাবে। এ ছাড়া দীর্ঘসূত্রতায় মামলার আলামত নষ্ট বা খোয়া যাওয়ার আশঙ্কা থাকে।ঢাকার চার ট্রাইব্যুনাল: ঢাকার চারটি ট্রাইব্যুনালের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ মামলা রয়েছে ৩২টি। এর মধ্যে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশে ১৯টির বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। ট্রাইব্যুনাল-২-এর ২৫টি মামলার মধ্যে ১৬টিরও একই অবস্থা। ট্রাইব্যুনাল-৩-এর ১২টির মধ্যে ছয়টি এবং ট্রাইব্যুনাল-৪-এর ১৪টির মধ্যে নয়টি মামলার বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।আদালত সূত্র জানায়, ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষক স্বপন গোস্বামী হত্যা মামলার ওপর ২০০৬ সালে হাইকোর্ট স্থগিতাদেশ দেন ও রুল জারি করেন। ওই রুলের নিষ্পত্তি না হওয়ায় মামলায় সাক্ষ্য গ্রহণ হচ্ছে না। একই ট্রাইব্যুনালে বিচারাধীন একটি অস্ত্র মামলার ওপর স্থগিতাদেশ রয়েছে সাত বছর এক মাস ধরে। ধানমন্ডিতে গৃহপরিচারিকা মাসুদা হত্যা মামলার ওপর স্থগিতাদেশ রয়েছে ছয় বছর চার মাস। সাংবাদিক গৌতম হত্যা, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা, উত্তরার তিন হত্যা মামলার বিচারকাজও বন্ধ রয়েছে স্থগিতাদেশ থাকায়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেন, ‘ট্রাইব্যুনাল থেকে যে প্রতিবেদন পাঠানো হয়, তাতে কেবল কয়টি মামলা চলমান, নিষ্পত্তি ও কয়টি স্থগিত আছে তার উল্লেখ থাকে।’ কৌঁসুলি হিসেবে তিনি প্রতিবেদন দিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘চার-ছয় বছর আগে যেসব মামলা হাইকোর্ট স্থগিত করেছেন সেসব মামলার নথি আমাদের দেওয়া হয় না। কাজেই মামলার প্রকৃত অবস্থা সম্পর্কে যথাযথভাবে সুপ্রিম কোর্টকে অবহিত করা সম্ভব হয় না।’ ট্রাইব্যুনাল-৪-এর বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম বলেন, অধিকাংশ মামলা স্থগিত রয়েছে, এটা ঠিক। তবে ট্রাইব্যুনাল গঠনের পর বিচার দ্রুত হচ্ছে না তা ঠিক নয়। উচ্চ আদালতের স্থগিতাদেশগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৬১টি, রাজশাহী বিভাগের ট্রাইব্যুনালে ১০টি, খুলনা বিভাগের ট্রাইব্যুনালে সাতটি, বরিশাল বিভাগের টাইব্যুনালে ১৫টি এবং সিলেট বিভাগের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১৩টি মামলা রয়েছে।