দ্রুত বিচার শুরু না হলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। গতকাল রোববার হত্যাকাণ্ডের ছয় মাস পূর্তিতে মিছিল-সমাবেশ করে দ্রুত অভিযোগপত্র দিয়ে বিচারকার্য শুরুর দাবি জানিয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অধ্যাপক রেজাউলের স্মরণে স্থাপিত ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ এসে সমাবেশে মিলিত হয়।
দ্রুত বিচার-প্রক্রিয়া শুরুর দাবি জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি ও ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শহীদুল্লাহ্ বলেন, ‘হত্যাকাণ্ডের ছয় মাস অতিবাহিত হলেও তদন্তে সন্তোষজনক অগ্রগতি দেখতে পাচ্ছি না। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত অভিযোগপত্র জমা দিয়ে বিচার-প্রক্রিয়া শুরু করা হোক। আমরা আর কোনো শিক্ষককে হারাতে চাই না।’
অভিযোগপত্র জমা দিয়ে বিচারের কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়ে ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার বলেন, না হলে আবারও কঠোর আন্দোলনে যাওয়া হবে।
অধ্যাপক রেজাউলের মেয়ে রেজওয়ানা হাসিন বলেন, ‘শুনেছি মূল আসামি নাকি দেশে নেই, ভারতে পালিয়েছে। তাকে ধরার জন্য আমাদের এখানে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি না! ছয় মাসেও অভিযোগপত্র জমা না দেওয়ায় আমি ও আমার পরিবার হতাশ হয়ে পড়ছি।’
গত ২৩ এপ্রিল অধ্যাপক রেজাউলকে নগরের শালবাগান এলাকায় নিজ বাসার পাশেই গলা কেটে হত্যা করা হয়। ওই দিন বিকেলে অধ্যাপকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। পরদিন ২৪ এপ্রিল মামলা ডিবিতে স্থানান্তর করা হয়।
মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বলেন, ‘তদন্তে ভালো উন্নতি হয়েছে। ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ছাড়া চারজন আসামি বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে মারা গেছে। তবে মূল পরিকল্পনাকারী ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম পলাতক আছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি, খুব দ্রুতই অভিযোগপত্র দিতে পারব।’