দ্রুত বিচারের দাবি নিহতের স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ২০০১ সালের ১৬ জুন আওয়ামী লীগের কার্যালয়ে শক্তিশালী বোমা হামলায় ২০ জন নিহত হন। ঘটনার ১৬ বছর হয়ে গেল। এখনো বিচারকাজ খুব একটা এগোয়নি। নিহত ব্যক্তিদের স্বজনেরা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

পুলিশ, ভুক্তভোগী ও দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৬ জুন রাতে নগরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে সাংসদ শামীম ওসমানের পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি চলাকালে শক্তিশালী একটি বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন সাইদুল হাসান বাপ্পী, আক্তার হোসেন, মোশারফ হোসেন, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ভাসানী, সাইদুর রহমান মোল্লা, নজরুল ইসলাম, স্বপন চন্দ্র দাস, শওকত হোসেন, স্বপন দাস, এনায়েত উল্লাহ, পলি বেগম, হালিমা বেগম, আব্দুল আলীম, শুক্কুর আলী, নিধুরাম বিশ্বাস, রাজিয়া বেগম, আব্দুস সাত্তার, আবু হানিফ এবং অজ্ঞাতনামা এক নারী। ঘটনার পরপরই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুটি মামলা করেন। পরবর্তী সময়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি মামলায় ২০১৩ সালের ২ মে অভিন্ন ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আসামিরা হলেন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাৎউল্লাহ জুয়েল, হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, হুজির সদস্য দুই ভাই আনিসুল মোরসালীন, মাহবুবুল মুত্তাকিন, উত্তর চাষাঢ়ার বাসিন্দা ওবায়দুল হক, বিএনপির নেতা শওকত হাশেম শকু। ছয় আসামির মধ্যে শাহাদাৎউল্লাহ কারাগারে। সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। আনিসুল মোরসালীন, মাহবুবুল মুত্তাকিন ও ওবায়দুল হক পলাতক। শওকত হাশেম জামিনে রয়েছেন।

দুটি মামলার বিচারকাজ একসঙ্গে শুরু হয়েছে ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে। রাষ্ট্রপক্ষে ৫৬ জন সাক্ষীর মধ্যে শুধু খোকন সাহা আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর।

নিহত মোশারফ হোসেনের স্ত্রী শাহানা আক্তার বলেন, ‘কত বছর হয়ে গেল, কিন্তু বোমা হামলার বিচার পাচ্ছি না। ৭ খুনের মামলার বিচার দুই বছরের মধ্যে শেষ হয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, দ্রুত এই মামলাটিরও বিচার যেন নিষ্পত্তি করা হয়।’

নিহত আক্তার হোসেনের ভাই আবুল বাশার বলেন, ‘১৬ বছরেও বিচারকাজ শেষ হয়নি। আমরা প্রতিবছর দাবি জানিয়ে আসছি, কিন্তু বিচার হচ্ছে না। আমরা শঙ্কায় আছি, আদৌ বিচার হবে কি না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

নিহত নজরুল ইসলামের স্ত্রী হামিদা বেগম বলেন, ‘যাঁদের বোমা মেরে হত্যা করা হয়েছিল, তাঁদের কোনো দোষ ছিল না। এই মামলার বিচার যেন আমরা দেখে যেতে পারি—এটা সরকারের কাছে আমাদের দাবি।’

খোকন সাহা বলেন, ‘মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের প্রতিবেদন আদালতে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার ফাঁসির প্রতিবেদন আদালতে আসবে, ততক্ষণ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ শুরু হবে না। আমরা আদালতের কাছে আবেদন জানাব ৭ খুনের মামলার মতো ১৫ দিন বা ৭ দিন অন্তর অন্তর তারিখ দেওয়ার জন্য।’

সরকারি কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী বলেন, ‘১৬ জুন বোমা হামলার চাঞ্চল্যকর মামলা দুটির কার্যক্রম বিভিন্ন কারণে এগোয়নি। আমরা ৭ খুনসহ বেশ কয়েকটি মামলা নিয়ে বেশি ব্যস্ত থাকায় এই মামলাটির দিকে নজর দিতে পারিনি। ৭ খুনসহ অন্যান্য মামলার ন্যায় এই মামলাটির দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব।’