দ্রুত বিচারের দাবিতে মিছিল, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের ঢালিকান্দি গ্রামে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শুভ কাজীর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন শুভর মা সুবর্ণা বেগম।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢালিকান্দি গ্রামে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের কয়েক শ বাসিন্দা মিছিলে অংশ নেয়। মিছিলটি মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কলাতিয়া এলাকা ঘুরে ঢালিকান্দি বাজারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়।
নিহত শুভর চাচা সালাল কাজী মানববন্ধনে বলেন, ‘পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করছে না। হত্যার দ্রুত বিচার দাবি করছি।’
মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানম বলেন, ‘অতিসত্বর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি।’
গৃহবধূ রেহেনা আক্তার (৪২) বলেন, ‘এ ধরনের জঘন্য নির্বাচন আর দেখি নাই। ভোটকেন্দ্রে নিরাপত্তা থাকা দূরের কথা, গুলি কইরা লুক মাইরা ফালায়। আমরা কই যামু। অবুঝ শিশু শুভরে অনেক লুকের সামনে গুলি কইরা মাইরা ফালাইল। পুলিশ তাগো ধরল না। আমরা তাগো (সন্ত্রাসীদের) ফাঁসি চাই।’
‘আইসক্রিম খাইবার চাইছিল’
‘বাবা, আমার পোলারে স্কুলে লইয়া যাইবা না? উই (শুভ) আইসক্রিম খাইবার চাইছিল, আমি তারে ভুটকেন্দ্রে গিয়া ১০ টাকা দিয়া কইছিলাম, যাও আব্বু, আমি ভুট দিয়া আহি, তুমি মাঠে বইসা আইসক্রিম খাও। হেরা আমার পোলারে গুলি কইরা মাইরা ফালাইছে। তোমাগো লগে শুভ আর স্কুলে যাইব না। তার লাইগা দোয়া কইরো। যারা আমার পোলারে মারছে, পুলিশ তাগো ধরছে না। আমি তাগো ফাঁসি চাই।’ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন শুভ কাজীর মা সুবর্ণা বেগম।
গতকাল সরেজমিনে দেখা যায়, শুভ যে ঘরে ঘুমাত, সেই ঘরে মা সুবর্ণা বেগম ছোট মেয়ে হাফসাকে (২) নিয়ে খাটে বসে কাঁদছেন। তাঁর আহাজারি থামছে না। আত্মীয়স্বজন তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। এ সময় শুভর কয়েকজন সহপাঠী তাঁর পাশে বসে ছিল। তাদের উদ্দেশ করে শুভর মা বিলাপ করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
এদিকে শুভ কাজী গুলিতে নিহত হওয়ায় মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়ের সামনে স্কুলছাত্র শুভ হত্যার পর থেকে অনেক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে আসছে না।
বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র তানভীর হোসেনের মা তাছলিমা বেগম বলেন, ‘ভয়ে ভয়ে থাকি। কখন আবার কী হয়।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লিটন বলেন, নির্বাচনের পর গত শনিবার থেকে ক্লাস শুরু হয়েছে। শুভ নিহত হওয়ার সংবাদ পেয়ে অনেক ছাত্র ক্লাসে আসছে না। শিশু শ্রেণির মোট ছাত্র ৬৬ জন। আজ (গতকাল) উপস্থিত মাত্র ১২ জন।
ঢালিকান্দি গ্রামের কৃষক ফজর আলী বলেন, ‘অচেনা লোকজন গ্রামে সকাল-সন্ধ্যা ঘুরে বেড়াচ্ছে। আমাদের অনেকে এ হত্যা সম্পর্কে জিজ্ঞাসা করে। কী কমু আর কী বুঝমু। এ জন্য অনেকে বাসা থেকে বের হন না।’