রাজশাহী বিশ্ব-বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইংরেজি বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার বলেন, ‘মামলার কিছুটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। তাই আন্দোলন শুধু শনিবার পালন করব। অধ্যাপক রেজাউলকে সপ্তাহের এ দিনটিতেই হত্যা করা হয়েছে। তাই এখন থেকে প্রতি শনিবার এই কর্মসূচি পালন করা হবে।’
এদিকে আন্দোলন স্থগিতের পর আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ্ জানান, ৬ জুন সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করবে।
২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনার পর থেকে বিচারের দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গত ১৫ মে ইংরেজি বিভাগ ও ১৭ মে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আন্দোলন স্থগিত করে।