দ্রুত বিচারের দাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলামের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়।

কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস হয়নি। তবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমসহ সব বিভাগের দাপ্তরিক কাজ চলেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পা‌ণ্ডে বলেন, এখনো পর্যন্ত শফিউলের প্রকৃত হত্যকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হয়নি। হত্যাকা‌ণ্ডে জড়িত লোকজনকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। তিনি জানান, হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতি আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।

গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুবৃ‌র্ত্তদের হামলায় গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম। দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ ১১ জনকে আটক করে রিমান্ডে নেয়। এ ছাড়া গত ২৩ নভেম্বর এ ঘটনায় আরও ছয়জনকে আটক করে র‌্যাব। তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বলে ঢাকায় সংবাদ সম্মেলন করে দাবি করে র‌্যাব। এরপর আটক করা ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক হওয়া ব্যক্তিদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ২৫ নভেম্বর আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। র‌্যাবের ওই দাবিকে সামনে রেখেই তদন্ত করছে পুলিশ।

রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ তদন্তকাজ অনেকখানি এগিয়ে এনেছে। দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’