দ্রুত বিচারের দৃষ্টান্ত তৈরি হলো, বললেন আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুনিও হোশি হত্যা মামলার রায়কে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘২০১৫ সালে আমাদের দেশে কয়েকজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে কুনিও ছিলেন একজন। এটি বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার উদাহরণ। এই রায়ের মাধ্যমে বিচারিক আদালতে যে গতি এসেছে, তাতে নতুন করে আর মামলাজট হবে না।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘একইভাবে রাজন ও রাকিব হত্যা মামলাও দ্রুততম সময়ে সম্পন্ন করা হয়েছে। আমরা চেষ্টা করব এভাবে প্রত্যেক মামলা নজরদারিতে রাখার। নজরদারিতে থাকলে দ্রুত মামলা শেষ করা যায়।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাসহ রাজনৈতিক মামলা দ্রুত শেষ হচ্ছে না কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, বিএনপির চেয়ারপারসন অন্তত ২০ বার মামলায় সময় নিয়েছেন। এ কারণে সহিংসতার মামলাগুলোর বিচার শেষ হতে দেরি হচ্ছে।