দ্রুত ভোট দ্রুত গণনা
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাখন লাল ও অমূল্য লাল সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম নগরের ন্যাশনাল প্রাইমারি স্কুলে ভোট দিয়ে বের হচ্ছিলেন। জীবনে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে উচ্ছ্বসিত তাঁরা। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাখন লাল প্রথম আলোকে বলেন, ‘মাত্র ২০-২৫ সেকেন্ডের মধ্যে ভোট দিয়েছি। কোনো ঝামেলা নেই।’ অমূল্য লাল বলেন, ‘আর কয়েক বছরের মধ্যে হয়তো সারা দেশে সব নির্বাচনে ই ভোটিং পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। তবে আমরা যারা এবার ভোট দিলাম তারা ইতিহাসের অংশ হয়েই থাকব।’নিরুত্তাপ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গতকাল বৃহস্পতিবার কেবল ২১ নম্বর ওয়ার্ডে ই ভোটিং পদ্ধতির ভোট গ্রহণ ও গণনাকে ঘিরেই ছিল যত উত্তাপ। এ ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ভোট দিতে আসা নারী-পুরুষ অল্প সময়ের মধ্যে ভোট দিয়ে বেরিয়ে যান। সিটি করপোরেশনের অন্যান্য এলাকার চেয়ে এখানে ভোটার উপস্থিতিও ছিল কিছুটা বেশি। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনন্দ কুমার বলেন, ই ভোটিং পদ্ধতিতে ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারদের ব্যাপক আগ্রহ ছিল।ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের একটি কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে পঞ্চাশোর্ধ্ব আসমা আক্তার বলেন, খুবই সহজ। মহড়ার দিন তিনি ভোট না দিলেও বৃহস্পতিবার তাঁর ভোট দিতে কোনো সমস্যা হয়নি।এ ছাড়া লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জামালখান কুসুমকুমারী সিটি করপোরেশন স্কুল ও শিশুবাগ কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে এ ওয়ার্ডের ভোটের ফলাফল ঘোষণা করা হয়।