দ্রুত মামলা নিষ্পত্তি করুন নইলে আস্থার সংকট সৃষ্টি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, কেবল বিচার বিভাগ আলাদা হলেই বিচারব্যবস্থা স্বাধীন হয় না। বিচারকদেরও মনের দিক থেকে স্বাধীন হওয়ার চেষ্টা করতে হবে। স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে হবে। তিনি দেওয়ানি মামলার দীর্ঘসূত্রতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দ্রুত এসব মামলা নিষ্পত্তি করা প্রয়োজন। নইলে আমাদের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হবে।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ বিচারিক হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর বিচারব্যবস্থা নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়েছে। কিন্তু এক দিনই সবকিছু পাল্টে দেওয়া সম্ভব না। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের দেশের গরিব মানুষ বাধ্য হয়ে আদালতে আসে। তারা আদালতে এসে যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ বিচারালয়ের কর্মচারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধান বিচারপতি বলেন, মামলার নকল নেওয়া, তারিখ নেওয়াসহ বিভিন্ন বিষয়ে মানুষ হয়রানির শিকার হয়। এসব ব্যাপারে মানুষকে হয়রানি করা যাবে না। জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম, মুখ্য বিচারিক হাকিম শরিফ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।