দ্রুত মামলা নিষ্পত্তির 'অভিজ্ঞতা' নিতে সংসদীয় কমিটি ময়মনসিংহে
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে গত প্রায় তিন বছরে ৫৬ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। এ সাফল্যকে মাইলফলক আখ্যা দিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির অভিজ্ঞতা নিতে গতকাল শনিবার ময়মনসিংহ সফরে আসে আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
গত ১৭ জুলাই রাজধানীতে ওই কমিটির সভায় দ্রুত মামলা নিষ্পত্তির অভিজ্ঞতা নিতে ময়মনসিংহ সফরের সিদ্ধান্ত হয়। কমিটির সফর উপলক্ষে গতকাল বিকেলে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির পদ্ধতি ও প্রয়োগবিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল হুদা দ্রুত মামলা নিষ্পত্তি নিয়ে নিজ অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, আন্তরিক চেষ্টা ও ময়মনসিংহের আইনজীবীদের সহযোগিতায় এই মাইলফলক স্থাপন সম্ভব হয়েছে। তিনি পুরোনো মামলাগুলো নিষ্পত্তির প্রতি অগ্রাধিকার দিয়ে কাজ করেন বলে জানান।
সুরঞ্জিত সেনগুপ্ত দ্রুত মামলা নিষ্পত্তি করায় ময়মনসিংহের জেলা ও দায়রা জজের প্রশংসা করে বলেন, ‘এটা অবশ্যই আমাদের আশাবাদী করে। সবারই এ কাজ করা উচিত।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশের কোনো আদালতে মামলাজট থাকবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সদস্য সাহারা খাতুন, শামসুল হক টুকু, মোসলেম উদ্দীন আহমেদ, জিয়া উদ্দিন মৃধা, সফুরা বেগমসহ কমিটির প্রায় ২০ জনেরও বেশি সদস্য। সভায় শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজরা উপস্থিত ছিলেন।