দ্রুত মুক্তিযোদ্ধা যাচাই শুরু করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে আজ ১৭ ফেব্রুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরুর দাবিতে গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধারা ইউএনও বরাবর লিখিত আবেদন দিয়েছেন।
মুক্তিযোদ্ধাদের পক্ষে অনারারি লে. (অব.) আবদুল গফুর আবেদনটি করেন। আবেদনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে হাজীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের তারিখ ৪ ফেব্রুয়ারি নির্ধারিত ছিল। কিন্তু কোন অদৃশ্য শক্তির ইশারায় কার্যক্রম শুরু হয়নি, সে বিষয়ে সাধারণ মুক্তিযোদ্ধারা অবগত নন। এ অবস্থায় যাচাই-বাছাইয়ের সম্মুখীন উপজেলার মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি ইউএনওর কার্যালয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বৈঠকে কমিটির সভাপতি নির্ধারণ নিয়ে হট্টগোল হয়। এ কারণে যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত হয়ে যায়। স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) ওই কমিটির সভাপতি ছিলেন। সাংসদ নিজের অনুপস্থিতিতে সাবেক উপজেলা কমান্ডার আবু তাহেরকে সভাপতিত্ব করার জন্য আধা সরকারি পত্র (ডিও লেটার) দেন। কিন্তু কমিটির কয়েকজন সদস্য আবু তাহেরকে সভাপতি ও জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (জামুকা) প্রতিনিধি খোরশেদ আলমের বিষয়ে আপত্তি জানান। এ কারণে ওই দিন যাচাই-বাছাই স্থগিত হয়ে যায়।
পরে ৯ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের এক পত্রে হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠন করা হয়। বর্তমান কমিটিতে সভাপতি পদে আহমেদ উল্লাহ ওরফে রতন, সদস্য পদে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি আ. হান্নান, জেলা কমান্ডার এম এ ওয়াদুদ, উপজেলা কমান্ডার মো. মজিবুর রহমান মজুমদার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি কালী নারায়ণ লোধ, জামুকা প্রতিনিধি খোরশেদ আলম এবং সদস্যসচিব পদে ইউএনও মো. মাহবুবুল আলম মজুমদারকে অন্তর্ভুক্ত করা হয়।
ইউএনও মাহবুবুল আলম মজুমদার বলেন, এ বিষয়ে প্রস্তুতি চলছে। দ্রুত যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে।