সভা, মানববন্ধনে বিভিন্ন দলের দাবি
দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার ও ’৭২ এর সংবিধান পুনর্বহাল করুন
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে বাংলাদেশকে ‘কলঙ্কমুক্ত’ করার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অনুষ্ঠানে এ দাবি তোলা হয়।সংগঠনগুলো ’৭২-এর মূল সংবিধান পুনর্বহালসহ আপিল বিভাগের রায় অনুযায়ী সংবিধানের সব ‘অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক ও নিবর্তনমূলক’ সংশোধনী বাতিলেরও দাবি জানিয়েছে। ১১ দল: রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তোলা হয়। ’৭২-এর সংবিধান পুনর্বহালের দাবিতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আফজাল। আরও উপস্থিত ছিলেন বিমল বিশ্বাস, আব্দুস সামাদ, মাহমুদুর রহমান প্রমুখ।জাতীয় সমাজতান্ত্রিক দল: আ স ম আবদুর রবের সভাপতিত্বে সভায় সংবিধানকে ‘যুগোপযোগী’ করার পরামর্শ দেওয়া হয়। সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, প্রাদেশিক ব্যবস্থা, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ও স্বশাসিত উপজেলা ব্যবস্থার বিধান করতে হবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির সভায় সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়। সরকারকে সাবধান করে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘কেবল আদালতের রায় দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি ও সামরিক শাসনের পুনরাবৃত্তির আশঙ্কা দূর হবে না।’ প্রয়োজনে সংবিধান কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ: জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনটি ’৭১-এর মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ: যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক হত্যাকারীদের আটক ও দ্রুত বিচার দাবি করে মানববন্ধন করে সংগঠনটি। প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচির সঙ্গে বিভিন্ন সংগঠন একাত্মতা ঘোষণা করে।