দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালক্ষেপণ না করে বিচারাধীন যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরসহ সব যুদ্ধাপরাধীর বিচার দাবি করেছেন বক্তারা। তাঁরা বলেন, প্রয়াত নূর-উজ-জামানের শুরু করা রাজাকারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এসব যুদ্ধাপরাধীর বিচার জনগণের দাবি। পাশাপাশি আইন করে জামায়াত-শিবিরসহ স্বাধীনতাবিরোধী রাজনীতি ও সংগঠন নিষিদ্ধের দাবিও জানান তাঁরা।

আজ শনিবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আয়োজিত ‘লেফটেন্যান্ট কর্নেল কাজী নূর-উজ-জামান, বীর উত্তম (অব.)-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সমাজ চিন্তা ফোরাম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক কামাল হোসেন।
মুক্তিযুদ্ধকালীন ৭ নম্বর সেক্টরের অধিনায়ক এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারী কাজী নূর-উজ-জামানের সঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতিচারণা করেন মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে সফিউল্লাহ বলেন, কাজী নূর-উজ-জামান মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজাকারবিরোধী যে আন্দোলন শুরু করেছিলেন, সেটাকে এগিয়ে নিতে হবে তরুণদের।
ফোরামের সদস্যসচিব রঞ্জন দাশের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রয়াত নূর-উজ-জামানের মেয়ে লুবনা মারিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী, অধ্যাপক শেখ বাতেন, আইনজীবী খুরসিদ আলম, ৭ নম্বর সেক্টর পরিষদের আহ্বায়ক এম এ গফুর প্রমুখ।