দ্রুত যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনের আগেই মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া ও সাজা বাস্তবায়নের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একই সঙ্গে জামায়াত-হেফাজতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা থেকেও বিরত থাকার জন্যও সরকারকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ২১ আগস্ট ট্র্যাজেডির নবম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
জামায়াত-হেফাজতের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার দোদুল্যমান উল্লেখ করে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি জাতীয় নির্বাচন, তরুণ সমাজ, ভোট ব্যাংক এবং সর্বোপরি জনগণের চাহিদার সঙ্গে সম্পৃক্ত। আর জাতীয় সংসদ নির্বাচনের সময় রয়েছে মাত্র কয়েক দিন। এই সময়ের মধ্যে কোনো ধরনের অপশক্তির সঙ্গে রাজনৈতিক সমঝোতা করে যুদ্ধাপরাধীদের বিচার ও প্রদত্ত সাজা বাস্তবায়ন করা না হলে এর দায় আওয়ামী লীগ তথা মহাজোটকেই নিতে হবে।
সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে ‘জামায়াতের জঙ্গি সম্পৃক্ততা এবং ধর্মের নামে সন্ত্রাস: শেষ কোথায়’ শীর্ষক এই আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর। তিনি বলেন, ৫ মে হেফাজতের তাণ্ডবের পর প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল, জামায়াত ও হেফাজতকে ছাড়া হবে না। কিন্তু এত দিন পার হলেও তাদের বিরুদ্ধে সাজা তো দূরের কথা, কোনো ধরনের তদন্তকাজও শুরু হয়নি। সরকারকে অবশ্যই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ২১ আগস্টের ট্র্যাজেডির দায় জামায়াতের। এ মামলার প্রক্রিয়াতেও রয়েছে ধীরগতি। এ ধরনের প্রচুর হত্যাকাণ্ড ঘটিয়েও দৃষ্টান্তমূলক সাজা না পাওয়ায় জামায়াতের দুঃসাহস দিনে দিনে বাড়ছে।
সংগঠনের সহসভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী নিজের হতাশা ব্যক্ত করে বলেন, প্রান্তিক নারীদের ধর্মান্ধ করে তুলছেন জামায়াতের নারী সদস্যরা। ওই দলের পুরুষ সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হাত তুলছেন। কিন্তু কোথাও জামায়াতের কোনো বিচার হচ্ছে না।
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, গুজব রয়েছে, নির্বাচনের আগে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শেষ হবে না। এ গুজব সত্য হলে বা বিচার ও সাজাদানের প্রক্রিয়া শেষ না হলে এর দায়দায়িত্ব আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সর্বোপরি আওয়ামী লীগের ওপর বর্তাবে।