দ্রুত রায় কার্যকর করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় গতকাল ১৫ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন উচ্চ আদালত। এ ঘটনায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রথমআলোর কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন:

‘এই রায় যাতে অবিলম্বে কার্যকর হয়, সরকারের প্রতি সেই অনুরোধ জানাই। নূর হোসেন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াত। অন্যায় করলে অন্যায়ের বিচার হওয়া উচিত। নূর হোসেনের ফাঁসি হওয়ায় আমরা খুশি।’—আহম্মেদ আলী, সিদ্ধিরগঞ্জের বাসিন্দা

‘সাত খুনের উপযুক্ত বিচার হয়েছে। সরকারকে ধন্যবাদ। এই রায় যেন কার্যকর করা হয়। আগে চাঁদাবাজি হতো। এখন স্বস্তিতে আছি। এই পরিবেশ যেন বজায় থাকে।’—ফিরোজ আহমেদ, ওষুধ ব্যবসায়ী

‘নূর হোসেন এই জেলার কলঙ্ক। তাঁর অনুসারীরা ভেবেছিলেন, প্রভাব খাটিয়ে রায় পরিবর্তন করা হবে। এটা ভুল প্রমাণিত হয়েছে। এখন শুধু অপেক্ষায় আছি, কবে এই রায় কার্যকর হবে।’—গোলাম মোস্তফা, চাকরিজীবী

‘আগে এখানে অনেক অপকর্ম হতো। এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’—মেহেদী হাসান, ওষুধ কোম্পানিতে কর্মরত

‘নূর হোসেন যেভাবে খুন করিয়েছেন, তা অকল্পনীয়। এই রায় সঠিক হয়েছে।’—মিন্টু সাহা, পোশাকশ্রমিক

‘আমি রায়ে খুশি। অন্যায় করলে অন্যায়ের বিচার হওয়া উচিত। রায় দ্রুত কার্যকর হলে আরও বেশি খুশি হব।’—রুবেল, পোশাক কারখানার শ্রমিক

‘এই আসামিদের ফাঁসি হলে আরও ২০ জন দেখবে। একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে।’—মো. ফারুক হোসেন, চাকরিজীবী

‘পাপ ভারী হলে তাদের ভয়াবহ শাস্তি পেতে হয়। এই রায়ে এটা আবার প্রমাণিত হলো। তবে নূর হোসেনের প্রভাব এখনো তাঁর এলাকায় আছে।’—জহির, চিকিৎসক

‘আমি রায়ে খুশি। ফাঁসি হলে নিহতদের পরিবারের সদস্যরা শান্তি পাবেন। কোনোভাবেই যাতে ফাঁসি থেকে অপরাধীরা ছাড়া না পায়।’—আশিকুর রহমান, ব্যবসায়ী

‘সাজা কার্যকর হলে দিন দিন এ ধরনের অপরাধ কমবে। নূর হোসেন ছিলেন মাফিয়া। তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না হলে আবার তারা রাজত্ব কায়েম করবে।’

‘অপরাধ করে যে কেউ পার পায় না— এই রায়ে তা আবার প্রমাণিত হলো।’—আলী হোসেন, সিদ্ধিরগঞ্জের বাসিন্দা

‘উচিত বিচার হয়েছে। অপরাধীদের উপযুক্ত শিক্ষা হয়েছে।’—হালিমা বেগম, গৃহিণী

‘রায়ে দেশের মানুষের মধ্যে স্বস্তি এসেছে। অপরাধী যত প্রভাবশালী বা ক্ষমতাধরই হোক না কেন, আইনের কাছে তা টিকতে পারে না, তা আবার প্রমাণিত হয়েছে। নূর হোসেনের ক্ষমতার দাপটে সিদ্ধিরগঞ্জের সাধারণ মানুষ সব সময় ভয়ে থাকত। এই রায় দ্রুত বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের ভয় কেটে যাবে।’—সাব্বির রহমান, চাষাঢ়া এলাকার বাসিন্দা 

‘নূর হোসেন ও তার বাহিনী সিদ্ধিরগঞ্জে খুন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে রাম রাজত্ব কায়েম করেছিল। সাত খুন একটিমাত্র ঘটনা। আমরা এই রায়ে খুশি। আমরা দ্রুত রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।’—ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা

‘আইনের ঊর্ধ্বে যে কেউ নয়, এই রায় তারই প্রমাণ। আমরা স্বস্তিবোধ করছি। আমরা চাই, দ্রুত এই রায় কার্যকর করা হোক।’—আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ এলাকার ব্যবসায়ী