দ্রুত শনাক্ত ও চিকিৎসা হলে ডেঙ্গু রোগীকে বাঁচানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রোগনির্ণয়-সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা বলেছেন, প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু ক্ষতিকারক নয়। তবে দ্বিতীয় কিংবা তৃতীয় পর্যায়ে এ রোগ প্রাণনাশের কারণ হতে পারে। কারণ, ডেঙ্গুর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নেই। তবে দ্রুত শনাক্ত ও যথাযথ চিকিৎসা করা গেলে ডেঙ্গু রোগীকে বাঁচানো সম্ভব।নগরের একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কোরিয়ার ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতি নির্মাণ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিকস (এসডি) এবং বাংলাদেশের হসপি ল্যাব এসেনশিয়ালস যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। হসপি ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক গোলাম বাকি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন অ্যাপোলো হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক তারিক আল নাসির, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান মো. শাহাব উদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা ইসলাম, এসডির দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান রায়েন কিম প্রমুখ। সম্মেলনে বলা হয়, প্রতিবছর বিশ্বে ১০ কোটি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। ৩০ হাজার শিশু এ রোগে মারা যায়। বাংলাদেশে ডেঙ্গু রোগে কত লোক মারা যায়, তার কোনো পরিসংখ্যান নেই। সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন রোগনির্ণয় কেন্দ্রের শতাধিক প্যাথলজিস্ট অংশ নেন।