সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া বলেছেন, নিজেদের চিন্তা-চেতনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালোবাসা থাকতে হবে। সবার সঙ্গে আলোচনা করে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
গতকাল শনিবার বিকেলে স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া। পরে সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টার মূল অলিম্পিয়াডে অংশ নেন শিক্ষার্থীরা। অলিম্পিয়াডের আহ্বায়ক রাশেদ তালুকদারের সঞ্চালনায় বেলা আড়াইটার দিকে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিক্ষার্থীরা।
সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম, গণিত বিভাগের প্রধান রাশেদ তালুকদারসহ সাজেদুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক শওকত আলী ও চন্দ্রনাথ পোদ্দার এবং এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশনের সিলেট অঞ্চলের প্রতিনিধি আবদুল হাই চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।