দ্রুত সংলাপে বসার তাগিদ দিলেন চার কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সংকট নিরসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গ্রহণযোগ্য প্রক্রিয়া খুঁজে বের করতে দ্রুত সংলাপে বসার তাগিদ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকেরা।

গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। বৈঠকে আরও ছিলেন জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনজে, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা ও ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেটের প্রধান উইলিয়াম হান্না।

হিদার ক্রুডেন বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলকে বলতে চাই, রাজনৈতিক সহিংসতা পরিহার করুন। সরকার ও বিরোধী দলের মধ্যে অর্থবহ সংলাপ শুরু করাকে আমরা স্বাগত জানাব, যেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত হয়। বিশ্বাসযোগ্য রাজনৈতিক সংলাপই কেবল দেশে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।’ তিনি বলেন, কয়েক মাস ধরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা চলছে, তাতে তাঁরা উদ্বিগ্ন। এ অস্থিরতা বাংলাদেশের অর্থনীতি ও জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় চার রাষ্ট্রদূত গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠক শেষে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, এই চার কূটনীতিক আশা প্রকাশ করেন, সংলাপের মাধ্যম একটি সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। তাঁদের বক্তব্যের সঙ্গে বিরোধীদলীয় নেতা একমত পোষণ করেন। তিনি বলেন, সরকার সংলাপের উদ্যোগ নিলে বিএনপি এতে সাড়া দেবে—এটি রাষ্ট্রদূতদের জানানো হয়েছে। গত কয়েক দিন সরকারের কঠোর অবস্থান ও বিরোধী দলের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কথা রাষ্ট্রদূতদের জানানো হয়েছে। সংকট উত্তরণে রাষ্ট্রদূতেরা সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে বিরোধীদলীয় নেতাকে জানিয়েছেন।

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।