জাতীয় সম্প্রচার নীতিমালা দ্রুত প্রণয়ন করতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমের বিষয়গুলো তদারিকর জন্য বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা প্রণয়ন করতে তথ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় ভারতের লোকসভা নির্বাচন, নদীদূষণ, নদী দখলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান একাধিক মন্ত্রী।
সভা সূত্রে জানা গেছে, কয়েকজন মন্ত্রী জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়নে বিলম্ব না করার কথা বলেন। তাঁরা বলেন, গণমাধ্যমে দুর্ঘটনাসহ সহিংসতার বীভৎস ছবি প্রকাশিত হয়, যা দ্রুত বন্ধ করা উচিত।
আলোচনায় এসএসসি পরীক্ষা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে বলা হয়, যাঁরা বলছেন এসএসসি পরীক্ষায় ফলাফল ভালো হলেও শিক্ষার মান বাড়েনি, তাঁরা ভুল বলেছেন। অনেক শিক্ষকও এ বিষয়ে বক্তব্যও দিয়েছেন। তাঁরা শহরে না থেকে গ্রামে গিয়ে শিক্ষকতা করলে ভালো হয়।
সূত্রমতে, বৈঠকে ঢাকা শহরের চারপাশের (বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু এবং শীতলক্ষ্যা) নদীদূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, নদীর তীর যে-ই দখল করুক না কেন, তাদের উচ্ছেদ করে পথচারীদের হাঁটাচলার ব্যবস্থা করতে হবে।
আলোচনায় অংশ নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেন মেঘনার তীর দখল করে অবৈধ বালু ব্যবসা করেছেন। বুড়িগঙ্গায় হাজি সেলিমসহ অনেক প্রভাবশালী ব্যক্তি এবং প্রতিষ্ঠান দখল করে রেখেছে। ওই সময় তিনি একটি নামকরা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব অবৈধ দখলদারকে ইচ্ছে থাকার পরও উচ্ছেদ করা যাচ্ছে না।
প্রধানমন্ত্রী বলেন, দখলদারেরা যত বড় এবং ক্ষমতাধর হোক না কেন, তাদের উচ্ছেদ করতে হবে। নদীকে বাঁচাতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে। তিনি বলেন, ‘আমি চাই নদী দখল ও দূষণমুক্ত করতে যে টাস্কফোর্স রয়েছে, তারা অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।’ তিনি পানিসম্পদ, পরিবেশ ও বন, নৌপরিবহন, ভূমি, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে তদারকি করতে নির্দেশ দেন।