দ্রুত সম্প্রচার নীতিমালা প্রণয়ন চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের জন্য ক্ষতিকর অনুষ্ঠান সম্প্রচার রোধে দ্রুত যথাযথ সম্প্রচার নীতিমালা প্রণয়নের ওপর গুরত্বারোপ করেছেন। তিনি সমাজ, পরিবার ও দেশের প্রতি সংবাদপত্র এবং অনলাইন গণমাধ্যমের দায়িত্ব ও সচেতনতাবোধের জন্যও নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন। খবর বাসস ও ইউএনবির৷
প্রধানমন্ত্রী গতকাল রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ভাষণদানকালে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেক দেশেই সম্প্রচার নীতিমালা আছে। সমাজের জন্য ক্ষতিকারক ও নোংরা কিছু প্রচার রোধে আমাদেরও ইলেকট্রনিক গণমাধ্যম, টেলিভিশন ও বেতারের জন্য নীতিমালা প্রয়োজন।’
সংবাদপত্রের নীতিমালা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাই না। তবে আশা করব সমাজ, পরিবার ও দেশের জন্য সহায়ক শক্তি হিসেবে গণমাধ্যম কাজ করে যাবে।’
প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজধানীতেই ৩৫৭টি দৈনিকসহ সারা দেশে আট শতাধিক দৈনিক, পাক্ষিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। অনেক সময় দেখা যায়, মনের মাধুরী মিশিয়ে অনেকে সংবাদ লিখেই যাচ্ছেন। তাতে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক কোনো তথ্য নেই। গণমাধ্যমের স্বাধীনতার অর্থ শুধু মনের মাধুরী মিশিয়ে লিখে যাওয়া নয়, বস্তুনিষ্ঠ, গঠনমূলক ও মননশীল চর্চার মাধ্যমে মিডিয়াকে এই স্বাধীনতা ভোগ করতে হবে। এটি পর্যবেক্ষণ করার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের।
প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে, কিন্তু খবর ও মতামতে সব সময়ই বিবেক-বুদ্ধি এবং সমাজের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। তিনি বলেন, অনলাইন মিডিয়া সৃষ্টি হয়েছে এবং দ্রুত এর বিস্তার লাভ করছে। সামাজিক ওয়েবসাইটগুলোর ব্যবহারও দিন দিন বাড়ছে। তবে প্রকৃত সামাজিক সুবিধা গ্রহণে এসব ব্যবহারে আরও সচেতন হতে হবে। এর অপব্যবহার থেকে সমাজ, শিশু ও তরুণদের রক্ষা করতে হবে।
সাংবাদিক সহায়তা ভাতা চালু করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি বেতার ও টিভি চ্যানেলের অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত ও গঠনমূলক সমালোচনার লক্ষ্যে ১৯৯৬ সালে প্রথম বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেয়। তাঁর সরকার ৩১টি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুমোদন দিয়েছে। ১২টি এফএম ও ৩২টি কমিউনিটি রেডিও স্টেশনের অনুমতি দিয়েছে। যাতে স্থানীয় জনগণ বাজারদর, আবহাওয়া ও সামাজিক কর্মকাণ্ড ইত্যাদি সহজে জানতে পারে।
সংসদ টিভি চ্যানেলের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গণতন্ত্রকে বিকশিত ও মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০০৯ সালে তাঁর সরকার সংসদ টিভি চ্যানেল চালু করে। এতে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা কী বলছেন, তা জানতে পারছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শিক্ষাক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করায় পাসের হার ৯৩ শতাংশে উন্নীত হয়েছে। আগে পাসের এ হার ছিল ৩০ থেকে ৪০ শতাংশ।’