
দ্রুত সময়ে মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। দ্রুত মানে কালই চাইছি না। তবে, এ নির্বাচনের জন্য আলোচনা শুরু করুন।’
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কামাল হোসেন মধ্যবর্তী নির্বাচনের দাবি করে এসব কথা বলেন।
এ প্রসঙ্গে ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনের সময় সরকারপ্রধানের দেওয়া বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে ড. কামাল বলেন, ‘বলেছিলেন, ৯০ দিনের সময় ফুরিয়ে যাওয়ায় নির্বাচন করতে হচ্ছে। আরেকটা গ্রহণযোগ্য নির্বাচন করা হবে। কিন্তু প্রায় আট মাস হয়ে গেল। কে আপনাদের মত দিয়েছে, এভাবে চলতে থাকবে। এই প্রতারণা আমরা মেনে নেব?’ তিনি ক্ষমতাসীনদের এ আচরণকে শিশুসুলভ মন্তব্য করে বলেন, ‘তারা মনে করছে, পেয়ে তো গেছি। বাচ্চারা যেমন বলে, এ পুতুলটা আমার, এ পুতুলটা আমার। রাষ্ট্রক্ষমতা কী পুতুলখেলা? এই পুতুলখেলাকে কি গণতন্ত্র বলে?’
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দেওয়া এবং ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের কড়া সমালোচনা করেন প্রবীণ এই রাজনীতিক। তিনি ১৫৩ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে ‘ছেলেখেলা’ মন্তব্য করে তাঁদের উদ্দেশে বলেন, ‘তোমরা কোন মুখে বল আমরা সাংসদ, লজ্জা পাওয়া উচিত তাঁদের।’ তিনি বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বঘোষিত নির্বাচিত ব্যক্তিদের জনগণের প্রতিনিধি মানতে পারি না।’
১৪-দলীয় জোটের শরিক কয়েকজন নেতার প্রতি ইঙ্গিত করে ড. কামাল বলেন, ‘মিথ্যাকে প্রশ্রয় দিয়ে মন্ত্রী হওয়া সহজ হয়ে গেছে। যে নূর হোসেন, ডা. মিলনকে হত্যা করেছে, তাদের সঙ্গে ওরা জোটবদ্ধ হয়েছে। তারা কী সরকারে, না বিরোধী দলে? জাতিকে নিয়ে তাঁরা কী খেলা যে করছেন, তাঁরাই জানেন।’
কামাল হোসেন ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় আসার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, ‘২০০৮ সালের নির্বাচন করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। ইয়াজউদ্দিনকে সরাতে কোর্টে যেতে হয়েছে। বিএনপি-জামায়াত জোটকে পরাজিত করে আওয়ামী লীগ ক্ষমতায় এল। আজ আওয়ামী লীগের দু-একটা কাজ নিয়ে সামান্যতম প্রশ্ন তুললে বলা হয়, আমরা বিএনপি-জামায়াতের স্বার্থে কাজ করছি। এ এক আশ্চর্যজনক ব্যাপার।’
কোনো আলাপ-আলোচনা না করে বিচারপতির অভিশংসনের ক্ষমতা সংসদে নেওয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেন ’৭২-এর সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন।
প্রগতিশীল গণতান্ত্রিক জোট নামে একটি রাজনৈতিক মোর্চা ‘বাংলাদেশের রাজনীতি: প্রগতিশীল গণতন্ত্রীদের করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। মঞ্জুরুল হক শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জোটের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক আবদুস সালাম প্রমুখ।