দ্রুত স্বদেশে ফিরতে চায় ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থী
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার দুটি উদ্বাস্তু শিবিরের প্রায় ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থী দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায়। কিন্তু মিয়ানমার মাত্র ১০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে।কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ফিরোজ সালাহ উদ্দিন চৌধুরী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় উখিয়া ও টেকনাফের দুটি শিবিরের রোহিঙ্গা শরণার্থীদের তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে প্রায় ১০ হাজার শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শরণার্থীরাও স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাপারে বেশ আগ্রহ দেখাচ্ছে।গত রোববার বিকেলে উখিয়ার কুতুপালং শিবিরে গিয়ে দেখা গেছে, শরণার্থী নারী-পুরুষেরা নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা করছেন। সেখানে সৈয়দ উল্লাহ (৬৩) বলেন, মিয়ানমারের বুচিদং এলাকা থেকে ১৯৯১ সালের ২৫ জানুয়ারি পাঁচ সদস্যের পরিবার নিয়ে টেকনাফে আসেন তিনি। এর পর থেকে কুতুপালং শরণার্থী শিবিরেই আছেন। এখানে আরও ছয় ছেলেমেয়ের বাবা হয়েছেন তিনি। তিন মেয়ের বিয়েও দিয়েছেন।সৈয়দ উল্লাহ বলেন, ‘ছয় বছর ধরে চেষ্টা করছি নিজ দেশে ফিরে যাওয়ার। কিন্তু প্রত্যাবাসন বন্ধ থাকায় আমরা স্বদেশে ফিরতে পারিনি। এখন খবর পাচ্ছি, আমাদের নাকি সরকার ফেরত নিচ্ছে। এই খবরে আমরা মহাখুশি। যত দ্রুত সম্ভব মিয়ানমারে ফিরতে চাই আমরা।’ একই শিবিরের ছলিম উল্লাহ (৩৮) ও রহিমা বেগম (২৫) বলেন, ‘মিয়ানমারে জন্ম হলেও বড় হয়েছি বাংলাদেশে। এত দিন মিয়ানমারের সামরিক জান্তা যখন-তখন রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছিল বলে আমরা স্বদেশে ফিরতে পারিনি। এখন মিয়ানমারে নতুন সরকার ক্ষমতায় এসেছে। পরিস্থিতির নাকি উন্নতি হয়েছে। এখন আমাদের এখানে থাকার কোনো অর্থ হয় না। আমরা জন্মভূমিতে ফিরে যেতে পারলেই খুশি।’ আরআরআরসি ফিরোজ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সফর করার পরপর টেকনাফ সীমান্ত দিয়ে এই রোহিঙ্গাদের মিয়ানমারের মংডুতে পাঠানোর সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯০ সালের নভেম্বরে নাফ নদী পার হয়ে মিয়ানমারের দুই লাখ ৫০ হাজার ৮৭৭ জন রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। দুই লাখের বেশি শরণার্থীকে ১৯৯৭ সালের মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। কিন্তু ২০০৫ সালের ৫ মে থেকে প্রত্যাবাসন বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, মিয়ানমারের অসহযোগিতার কারণে এত দিন প্রত্যাবাসন বন্ধ থাকলেও এখন তা শুরুর প্রস্তুতি চলছে। রোহিঙ্গা শরণার্থীরা যত তাড়াতাড়ি স্বদেশে ফিরে যাবেন, আমাদের জন্য ততই মঙ্গল।আরও চার লাখ রোহিঙ্গার কী হবে?সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, সরকারি তালিকাভুক্ত রোহিঙ্গা শরণার্থীদের বাইরেও ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত চার লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারে অনুপ্রবেশ করেছে।পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, রোহিঙ্গাদের কারণে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চুরি-ডাকাতি-ছিনতাই থেকে শুরু করে অসামাজিক কাজকর্মেও এই রোহিঙ্গারা জড়িত। এদের নিয়ন্ত্রণ করা না গেলে অদূর ভবিষ্যতে রোহিঙ্গারা জাতীয় সমস্যায় পরিণত হবে।আরআরআরসি ফিরোজ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আগে তালিকাভুক্ত ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসন শুরু হোক। এরপর অনুপ্রবেশকারী আরও কয়েক লাখ রোহিঙ্গা নিয়ে কাজ শুরু হবে।