জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে গোলটেবিল
দ্রুত স্বাধীন কমিশন করে সম্প্রচার নীতিমালা সংশোধনের তাগিদ
সম্প্রচার নীতিমালা নিয়ে গতকাল রোববার রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা বলেছেন, সদ্য প্রণীত জাতীয় সম্প্রচার নীতিমালা মত প্রকাশ ও তথ্য প্রকাশের স্বাধীনতা খর্ব করবে। তাই দ্রুত একটি স্বাধীন কমিশন গঠন করে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে নীতিমালাটি সংশোধন করার তাগিদ দিয়েছেন তাঁরা।
আর্টিকেল ১৯-এর উদ্যোগে সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪: উদ্বেগ ও করণীয়’ শীর্ষক এ আলোচনার যৌথ আয়োজক ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট, ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি), মিডিয়া ওয়াচ ও নিজেরা করি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের মতে, সম্প্রচার নীতিমালার বিভিন্ন নেচিবাচক উপাদানের অপব্যাখ্যার সুযোগ রয়েছে। এই নীতিমালার কারণে কেবল মত প্রকাশ বা তথ্য প্রকাশের স্বাধীনতা খর্ব করার ক্ষেত্রেই নয়, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হয়েছে। তাই এর নেতিবাচক দিকগুলো সংশোধন করে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণের মাধ্যমে সম্প্রচার কমিশন গঠন করে নীতিমালাটি চূড়ান্ত করার পরামর্শ দেন তিনি।
একই পরামর্শ দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুলও। তিনি বলেন, ‘কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব বা পররাষ্ট্রসচিব হলে সেটা আমরা মানব না। এই কমিশনে সাংবাদিক থাকতে হবে, সম্পাদক থাকতে হবে, সাংবাদিকতার শিক্ষক, সাংবাদিকতা বোঝেন এমন ব্যক্তিদের রাখতে হবে।’
মনজুরুল আহসান বলেন, সম্প্রচার নীতিমালার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে এত বেশি ‘না’ বলা হয়েছে যে কোনো স্বাধীন গণমাধ্যমের পক্ষে এগুলো মানা সম্ভব নয়। তিনি ষষ্ঠ অধ্যায়ের (৬.১.৮) একটি ধারা সম্পর্কে বলেন, সম্পাদকীয় নীতিমালা কারও দ্বারা নির্দেশিত হতে পারে না। একটা গণমাধ্যম যে স্বাধীন, তার প্রমাণ হচ্ছে তার সম্পাদকীয় নীতিমালা তার নিজের কি না।
ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন নীতিমালাটিকে ‘নিয়ন্ত্রণমূলক’ বলে অভিহিত করে এটি নতুন রূপে তৈরি করা উচিত বলে মন্তব্য করেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও সম্প্রচার নীতিমালার খসড়া প্রণয়ন কমিটির সদস্য মোস্তাফা জব্বারের মতে, সব ধরনের গণমাধ্যমের জন্য অভিন্ন নীতিমালা থাকা উচিত।
আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান আলোচনার মূল বক্তব্য উপস্থান করেন। তাতে দ্রুত একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়ে বলা হয়, কমিশন পরবর্তী সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সম্প্রচারবিধি ও বিজ্ঞাপনবিধি প্রণয়ন করবে। কমিশনের অভিযোগ নিষ্পত্তি করার ক্ষমতাও থাকতে হবে। লাইসেন্স প্রদানের বিষয়েও কমিশন দিকনির্দেশনা প্রণয়ন করবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক গোলাম রহমান, এমএমসির নির্বাহী পরিচালক কামরুল আহসান, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা প্রমুখ।