দ্রুত সড়ক সংস্কারের দাবি
মুজিব সড়ক দ্রুত সংস্কার ও শহরে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার ফরিদপুরের মুজিব সড়কের টেপাখোলা মহল্লার কোহিনুর পাবলিক লাইব্রেরিসংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অবরোধ করেছে এলাকাবাসী।সকাল নয়টায় এ অবরোধ শুরু হয়। বেলা ১১টার দিকে ফরিদপুর পৌরসভার মেয়র ঘটনাস্থলে গিয়ে দাবিগুলো পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিঅ্যান্ডবি ঘাট থেকে ট্রাকে করে শহরে মাটি আনায় মুজিব সড়ক ধুলায় ভরে গেছে, শহরের প্রধান এ সড়কের সংস্কারকাজ শুরু হলেও তা চলছে ঢিমেতালে, ১০ চাকার ভারী ট্রাকগুলো সড়কে চলাচল করায় সড়কটির ব্যাপক ক্ষতি হচ্ছে।পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, সংস্কারকাজ দ্রুত শেষ করার জন্য সড়ক বিভাগকে অনুরোধ করা হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী আমীর হোসেন বলেন, ‘আজ সোমবার থেকেই সংস্কারকাজ শুরু হবে।’