দ্রুতই আরেকটি জাতীয় নির্বাচন হবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশনের অধীনে দ্রুতই আরেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার জাপার বনানীর কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের এরশাদ এ কথা বলেন। তবে সাক্ষাৎকার গ্রহণের পর এরশাদ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
সাক্ষাৎকার দিয়ে বেরিয়ে এসে একাধিক প্রার্থী বলেন, এরশাদের নির্দেশ মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করায় যাঁরা নির্বাচন করতে পারেননি, এমন অনেককে তিনি সান্ত্বনা দেন। এ সময় তিনি এ-ও বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন হলে দল থেকে বেশিসংখ্যক নারীকে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। তবে যথাযথভাবে সাক্ষাৎকার না হওয়ায় প্রার্থীদের অনেককে সাংবাদিকদের কাছে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।
সাক্ষাৎকার শেষে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে আলোচনা করে দু-এক দিনের মধ্যে প্রার্থীদের তালিকা কমিশনে পাঠানো হবে।
উপজেলা প্রার্থীদের মনোনয়ন: উপজেলা নির্বাচনে মনোনয়ন ও সমর্থন পেতে আগ্রহী প্রার্থীদের মধ্যেও ফরম বিক্রি করবে জাপা। আগামী বুধ ও বৃহস্পতিবার কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হবে।