দ্রুতগতিতে যান চলাচল প্রায়ই ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মেডিকেল মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই সড়কের দুই পাশে গুরুত্বপূর্ণ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বেসরকারি ক্লিনিক রয়েছে। সড়কটি দিয়ে বাস ও ট্রাক দ্রুত চলাচল করায় গত তিন বছরে এসব যানের চাপায় চিকিৎসক-শিক্ষার্থীসহ ১০ জন নিহত হয়েছেন। পাশাপাশি প্রতি মাসেই চার-পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটছে।

বিভিন্ন সময়ে দুর্ঘটনায় আহত ও নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মেডিকেল মোড়ে একাধিকবার চিকিৎসক, শিক্ষক ও ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছেন। তাঁরা গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহনের গতি কমিয়ে চলাচল এবং মেডিকেল মোড়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করার দাবি জানান।

রংপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, নগরে বাইপাস মহাসড়কটি যখন নির্মাণ করা হয়, তখন এর আশপাশে এত বাড়িঘর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। বর্তমানে এক কিলোমিটার সড়কের দুই পাশে গুরুত্বপূর্ণ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ক্লিনিক এবং কয়েক হাজার বাড়িঘর রয়েছে। জনবহুল এই এলাকায় বেপরোয়া গতিতে বাস ও ট্রাক চলাচল করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

গত তিন বছরে এই এক কিলোমিটার সড়কের মধ্যে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, গত ১৫ সেপ্টেম্বর মহাসড়কের আর কে রোডে সার্জি হোমের সামনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ইশতিয়াক তাহসীন ট্রাকের ধাক্কায় আহত হন। তাঁকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মারা যান।

২০১০ সালে ১ আগস্ট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান মোস্তাকিন স্কুলের সামনেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যায়। একই বছর একই শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী আজমেরী সুলতানাও ট্রাকের চাপায় মারা যায়। ২০১১ সালে তিনজন ব্যবসায়ী, রিকশাচালকসহ সাতজন মারা যান। এ ছাড়া প্রতি মাসে বাস ও ট্রাকের চাপায় ও ধাক্কায় চার-পাঁচটি আহত হওয়ার ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আফসানা পারভিন বলেন, স্কুলের সামনের সড়ক পারাপারের সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। বাচ্চারা স্কুলের উদ্দেশে বের হওয়ার পরই তাঁদের আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।

মিনিবাসের চালক রফিক মিয়া বলেন, বাসস্ট্যান্ডে যাত্রী কম ওঠে। অধিকাংশ যাত্রী মেডিকেল মোড় থেকে বাসে ওঠে। তাই এটুকু স্থান যেতে গাড়িগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে।

রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, দ্রুত যান চলাচলের বিষয়টি মোটর মালিক সমিতিকে জানানোর পরও সমিতির পক্ষ থেকে কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয় না বলেই দুর্ঘটনা ঘটছে।

জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান বলেন, তাঁরা উদ্যোগ নেওয়ার পরও দুর্ঘটনা ঘটছে। এই এক কিলোমিটার সড়কে গাড়ির গতি কমিয়ে চলাচল করার জন্য প্রতিটি গাড়ির চালককে নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।