দ্রুততম সময়ে যুদ্ধাপরাধীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত আলোচনা সভায় বক্তারা দ্রুততম সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন। তাঁরা শুধু ট্রাইব্যুনালে বিচার নয়, একটি কমিশন গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধের সব তথ্য জনগণকে জানানোরও দাবি জানান।গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট হত্যাকাণ্ড ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, বঙ্গবন্ধুর জন্য শুধু তোরণ নির্মাণ করে নয়, তাঁর আদর্শ বাস্তবায়ন করেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে হবে। ১৫ আগস্ট কেবল বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয়েছিল। তিনি চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, নিজে বামপন্থী চিন্তার না হয়েও ৭ মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু সব কমিউনিস্টকে তাঁর নেতৃত্বের আওতায় নিয়ে আসেন। ওই ভাষণের কারণেই দল-মত নির্বিশেষে সবাইকে মুক্তির যুদ্ধে নামানো সম্ভব হয়েছিল। পাকিস্তানপন্থীদের এই যে পরাজয়, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমেই তারা এর প্রতিশোধ নিয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা বলে উল্লেখ করেন শামসুজ্জামান খান। তিনি বলেন, ’৭১ সালে বিভিন্ন দেশের ১২২টি সংবাদপত্র ও সংবাদমাধ্যম বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে কোনো একটি দল দাবি করলেও তার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।আলোচনা সভায় আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালে সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মফিজুল ইসলাম কামাল, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া প্রমুখ।