দ্রুততম সময়ের মধ্যে 'বৈষম্য বিলোপ আইন' পাসের দাবি
দেশের ৭০ লাখ দলিত ও হরিজন জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণে দ্রুততম সময়ের মধ্যে সংসদে ‘বৈষম্য বিলোপ আইন’ পাসসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত পরিষদ ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত এক জাতীয় সংলাপে এ দাবি জানানো হয়।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস। তিনি বলেন, বাংলাদেশে বসবাসরত ৫৫ লাখ দলিত ও ১৫ লাখ হরিজন সম্প্রদায়ের মানুষ এখনো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মজুরি, ন্যায়বিচারসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত ও বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করে তাদের মর্যাদাপূর্ণ জীবন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি বৈষম্য বিলোপ আইন পাসসহ চাকরিতে দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য কোটাব্যবস্থা প্রবর্তন, তাদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার জন্য বিশেষ প্রকল্প চালু করা, জাতীয় সংসদসহ স্থানীয় সরকার পর্যায়ে এই সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বিশেষ অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সিটি করপোরেশন, পৌরসভাসহ স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হরিজনদের চাকরি স্থায়ীকরণ, গৃহায়ণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে স্থায়ী বাসস্থানের বিষয়টি নিশ্চিত করা, খাসজমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করা ইত্যাদি।
এসব দাবির সঙ্গে সহমত পোষণ করে সংলাপে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন বলেন, দলিত, হরিজনসহ পিছিয়ে পড়া অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি যুগ যুগ ধরে চলে আসা এসব বৈষম্য হঠাৎ করে বন্ধ হবে না। কেবল শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়টিকে ত্বরান্বিত করতে পারে। সংসদে বর্ণবৈষম্য বিলোপ আইন পাসের জন্য তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি।
এই সংলাপের অন্যতম উদ্যোক্তা ছিল বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। এর নির্বাহী পরিচালক শাহীন আনাম মনে করেন, কেবল আইন প্রণয়ন করে এসব অধিকারবঞ্চিত মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক আন্দোলন, যাতে তাদের প্রতি সমাজের মূলধারার জনগোষ্ঠীর বিরূপ মনোভাবে পরিবর্তন আসে।
সংলাপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলিত ও হরিজন জনগোষ্ঠীর নারী-পুরুষ অভিযোগ করে বলেন, এখনো অনেক হোটেল কিংবা দোকানে তাঁদের খেতে দেওয়া হয় না, তাঁরা সেলুনে চুল কাটাতে পারেন না, সমাজের অধিকাংশ মানুষ তাঁদের অস্পৃশ্য মনে করে। অনেক স্কুলে হরিজন শিশুদের টয়লেট পরিষ্কারের কাজে লাগানো হয়, তাদের বসার জায়গা হয় শ্রেণিকক্ষের সবচেয়ে কোনার জায়গাটিতে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংসদ ইয়াসিন আলী বলেন, যেসব এলাকায় এ ধরনের ঘটনা ঘটে, সেখানকার জনপ্রতিনিধি এর দায় এড়াতে পারেন না।
সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, হোসনে আরা লুৎফা, কাজী রোজী প্রমুখ।
সংসদ সদস্যরা দলিত ও হরিজন জনগোষ্ঠীর প্রতি যেকোনো ধরনের অমানবিক আচরণ রোধ করতে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সংলাপে সভাপতিত্ব করেন হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল দাস। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ দলিত পরিষদের সাধারণ সম্পাদক অশোক দাস।