দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিন ও তিন বগি লাইনচ্যুত
নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর স্টেশনের প্রবেশমুখে গতকাল সোমবার সকালে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হন। এ ঘটনায় ট্রেনটির চালককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, আগের স্টেশনের ছাড়পত্র নিয়েই তিনি ট্রেন নিয়ে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু ঘন কুয়াশার কারণে ৩ নম্বর লাইনের ক্লিয়ারেন্স সিগন্যালটি প্রথমে দূর থেকে দেখতে পাননি। তিনি বলেন, ‘খুব কাছাকাছি চলে আসার পর সিগন্যালটি দেখতে পাই। কিন্তু তখন উপায় না দেখে ট্রেনটি ৫ নম্বর লাইনে ঢুকিয়ে দিই। এ কারণে দুর্ঘটনা ঘটে।’
আবদুলপুর জংশনের স্টেশনমাস্টার মারফিন হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে সকাল ৮টা ৩২ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি ৩ নম্বর লাইনে ঢোকার কথা থাকলেও ৫ নম্বর লাইনে ঢুকে পড়ে। ঘন কুয়াশার কারণে চালক ওই লাইনে প্রবেশ না করার সংকেত দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. শওকত জামিল মহসীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রেনের চালককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
স্টেশনমাস্টার মারফিন হোসেন বলেন, বেলা ১১টায় ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। বিকেল চারটায় উদ্ধারকাজ শেষ হলে ট্রেনটিকে আবদুলপুর স্টেশনে এনে রাখা হয়েছে।
ট্রেনের যাত্রী দেলওয়ার হোসেন বলেন, দ্রুতগতির ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হওয়ার সময় যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ে। এতে বেশ কিছু যাত্রী আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা জানা যায়নি।