দড়ি দিয়ে বাঁধা গুইসাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির উঠানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে গুইসাপটিকে। এর দৈর্ঘ্য ৩ ফুট। ওজন প্রায় ১৫ কেজি। চট্টগ্রামের নাজিরহাটের হালদা নতুন সেতুসংলগ্ন হালদা নদীর পাড় থেকে গতকাল শুক্রবার দুপুরে গুইসাপটি ধরেন স্থানীয় কয়েক ব্যক্তি। পরে আধা কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার পূর্ব মন্দাকিনী গ্রামের বাড়িতে গুইসাপটি নিয়ে যান তাঁরা।
স্থানীয় ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুহাম্মদ আমান উল্লাহ বলেন, ‘গুইসাপ ধরার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে যেহেতু নিজে দেখিনি, সেহেতু কিছু বলতে পারছি না।’
তবে গতকাল দুপুরে পূর্ব মন্দাকিনী গ্রামের বাসিন্দা ছালেহ আহমদের বাড়িতে গিয়ে দেখা যায়, গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে গুইসাপটিকে। বাড়ির বাসিন্দা সাহাবুদ্দিন ওরফে রানা বলেন, ‘আমরা সাপটি বিক্রির জন্য চেষ্টা করছি। আমার এক বড় ভাই কয়েকজন ক্রেতার সঙ্গে দরদাম ঠিক করছেন।’ তবে সাহাবুদ্দিন বড় ভাইয়ের নাম ও পরিচয় বলতে চাননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা নদীর গবেষক মো. মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘প্রাণীটি খুবই নিরীহ প্রকৃতির। এটি মূলত জলাশয় কিংবা ডাঙায় বাস করে। পরিবেশ রক্ষায়ও ভূমিকা রয়েছে। তবে এর চামড়া বিশেষ কাজে ব্যবহৃত হয়—এটি ভ্রান্ত ধারণা ও অপপ্রচার। গুইসাপটি দ্রুত অবমুক্ত করা দরকার।’
জানতে চাইলে হাটহাজারী উপজেলা বন বিভাগের নাজিরহাট রেঞ্জের রেঞ্জার মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, গুইসাপ ধরার বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে সাপটি উদ্ধার করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।