দড়ি ধরে নদ পার
দুই পাড়ে দুটি খুঁটি। খুঁটি দুটির সঙ্গে এক পাড় থেকে আরেক পাড়ে লম্বা দড়ি টানানো। দুটি নৌকা একসঙ্গে দড়ি ধরে ধরে পাড়ি দিতে হয়। রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলার সীমানা এলাকা দিয়ে বয়ে যাওয়া ঘাঘট নদের ওপর সেতু না থাকায় এভাবে নৌকায় করে ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে লোকজন। এলাকাবাসী জানান, প্রায় ১০০ গজ প্রস্থের এই নদের এক পাড়ে সদর উপজেলার তামপাট ইউনিয়ন এবং আরেক পাড়ে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন। তামপাট ইউনিয়নের মীরগঞ্জ, দেউতি, রঘু, ঠাটারীপাড়া, মুদিখানা, হোসেনপুর ও তালুক এলাকায় কোনো কলেজ বা ভালো কোনো বিদ্যালয়ও নেই। ঘাঘট নদ পার হলে ওপারে পায়রাবন্দে মাত্র দুই কিলোমিটারের মধ্যে কলেজ ও কয়েকটি বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই নদ পাড়ি দিয়ে অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। এই এলাকায় একটি সেতু নির্মাণে এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের। সম্প্রতি কয়েকজন কলেজশিক্ষার্থী ঘাঘট নদ পার হওয়ার সময় তাঁদের সঙ্গে কথা হয়। সদর উপজেলার তামপাট ইউনিয়নের রঘু এলাকার বাসিন্দা ও পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হিরা আক্তার বলেন, এক উপজেলা থেকে আরেক উপজেলার একটি কলেজে যেতে মাত্র দুই কিলোমিটারের পথ। কিন্তু নৌকায় পারাপারে বেশ ঝুঁকি। সদর উপজেলার আজিজুল্লাহ গ্রামের বাসিন্দা ও একই কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, বর্ষাকালে নদ পারাপারে বেশ কষ্ট হয়। পায়রাবন্দ কলেজের শিক্ষার্থী তালুক গ্রামের শাকিলা আক্তার বলেন, এই স্থানে একটি সেতু হলে মানুষের ভোগান্তি আর থাকবে না। সদর উপজেলার তামপাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান আলী বলেন, ‘গ্রামবাসীর দুর্ভোগ দেখে আমারও কষ্ট লাগে। এখানে একটি সেতু নির্মাণের জন্য বহুবার বিভিন্ন দপ্তরে হন্যে হয়ে ঘুরেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউপির চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, ‘মানুষের দুর্ভোগ দেখে উপজেলা প্রশাসনের কাছে অনেক আবেদন নিবেদন করেছি।’ সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘সামান্য এটুকু পথের জন্য কত কষ্ট। এখানে একটি সেতু নির্মাণের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’