দড়িকান্দি-অলিপুরা সড়ক যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি থেকে অলিপুরা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) অধীনে সড়কটি ২০০৪ সালের পর আর মেরামত করা হয়নি। অথচ সাত কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ব্যবহার করে উপজেলার সনমান্দী ও সাদিপুর ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে মেরামত কাজ না করায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ গর্তগুলোতে পানি জমে বর্তমানে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটি মেরামত করার দাবিতে নোয়াকান্দি, চরলাল ও দড়িকান্দি গ্রামের মানুষ বিভিন্ন সময় আন্দোলন করেছে। প্রশাসনের কাছে দিয়েছে স্মারকলিপি। কিন্তু কোনো কাজ হয়নি।নোয়াকান্দি গ্রামের অটোরিকশাচালক হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিনই বিভিন্ন স্থানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। মানুষ আহত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে যানবাহন। সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু বলেন, ‘আমার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদ সড়কটি মেরামত করার জন্য দরপত্র আহ্বান করার নির্দেশ দেন। সাংসদের নির্দেশের পর এলজিইডি দরপত্র আহ্বান করে ঠিকাদারকে কার্যাদেশ দেয়। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় ঠিকাদার কাজ করেননি।’ জানতে চাইলে এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, এটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। ঠিকাদার কাজটি নির্দিষ্ট সময়ে না করায় আবারও দরপত্র আহ্বান করা হবে।