দক্ষিণ যাত্রাবাড়ীর দয়াগঞ্জ-মীর হাজীরবাগ নতুন সড়কের আবু হাজী জামে মসজিদের সামনে রাস্তায় ময়লার কনটেইনারের চারপাশে আবর্জনা স্তূপ হয়ে আছে। স্থানীয় লোকজনের অভিযোগ, বাসাবাড়ির এসব বর্জ্য সড়কে ফেলছেন স্থানীয় কিছু বাসিন্দা ও পরিচ্ছন্নতাকর্মী। আবার নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলে পুরো সড়ক ময়লায় সয়লাব হয়ে যায়। সড়ক থেকে নিয়মিত আবর্জনা পরিষ্কারের দাবি বাসিন্দাদের।
সিটি করপোরেশনের বক্তব্য
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সড়কে ময়লা ফেলা বন্ধ করতেই ওই স্থানে কনটেইনার ও ফুটপাতে ময়লা ফেলার পাত্র (ওয়েস্ট বিন) রাখা হয়েছে। কিন্তু অসচেতনতার কারণে অনেকে বাইরে ময়লা ফেলছেন। প্রতিদিন রাতেই বর্জ্য পরিষ্কার করেন পরিচ্ছন্নতাকর্মীরা। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
রাজধানী প্রতিবেদক