দয়াগঞ্জে শিশু মৃত্যুর ঘটনা বাবার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের শিকার মায়ের কোল থেকে পড়ে সাত মাস বয়সী শিশু আরাফাত নিহত হওয়ার ঘটনার মামলা হয়েছে। গতকাল সোমবার অজ্ঞাত একজনকে আসামি করে মামলাটি করেছেন আরাফাতের বাবা শাহ আলম।

আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানান পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ফরিদউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত আসামিকে ধরতে পুলিশ বিভিন্নভাবে কাজ করছে। আশা করা যায় আসামিকে ধরা যাবে।

এদিকে আরাফাত নিহত হওয়ার পর দয়াগঞ্জে পুলিশের তল্লাশি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. বদরুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।

আরাফাতের বাবার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার নরসিংপুর গ্রামে। তার মায়ের নাম আকলিমা বেগম। শাহ আলম-আকলিমার বড় ছেলে আলামিন অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য সবাই গতকাল ঢাকায় আসেন। সকালে সদরঘাটে নামার পর শাহ আলম বড় ছেলে আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে যান। মা আকলিমা ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় করে শনির আখড়ায় বোনের বাসায় যাচ্ছিলেন। পথে দয়াগঞ্জ মোড়ে ছিনতাইকারীরা আকলিমার হাতে থাকা ব্যাগ চলন্ত রিকশা থেকে থাবা দিয়ে নিয়ে নেয়। এ সময় তাঁর কোলে থাকা শিশু আরাফাত রাস্তায় পড়ে যায়। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।