মাগুরছড়া গ্যাসকূপে দুর্ঘটনার ১৪ বছর পূর্তি
ধকল কাটাতে পারেনি লাউয়াছড়া উদ্যান, ক্ষতিপূরণ মেলেনি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকলে আগে উল্লুক, শূকর ও হরিণসহ বিভিন্ন বন্য প্রাণী যত্রতত্র চোখে পড়ত। ১৯৯৭ সালের ১৪ জুন রাতে উদ্যানসংলগ্ন মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ ঘটার পর সে চিত্র বদলে গেছে। আগের মতো প্রাণীগুলোকে আর চোখে পড়ে না। বহু প্রজাতির ছোট ছোট দুর্লভ উদ্ভিদও হারিয়ে যেতে বসেছে। আজ ১৪ জুন সেই দুর্ঘটনার ১৪ বছর পূরণ হলো। এই দীর্ঘ সময়েও উদ্যানটি তার হারানো প্রাণী ও উদ্ভিদবৈচিত্র্য ফিরে পায়নি। পাওয়া যায়নি ক্ষতিপূরণ। এই অঞ্চলের ‘অক্সিজেন ভান্ডার’ হিসেবে পরিচিত উদ্যানটি হারাতে বসেছে তার ঐতিহ্য ও গুরুত্ব। বন বিভাগ সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাষ্ট্রের গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি অক্সিডেন্টাল খুঁড়তে খুঁড়তে কূপের ৮৫০ ফুট গভীরে পৌঁছালে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং কূপে আগুন ধরে যায়। আগুনের তাপে ফুলবাড়ী চা-বাগানের একাংশ, মাগুরছড়া পানপুঞ্জি, ভানুগাছ-শ্রীমঙ্গল সড়ক, ঢাকা-সিলেট রেলপথসহ আশপাশের এলাকার ব্যাপক ক্ষতি হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় লাউয়াছড়ার ৮৭ দশমিক ৫০ একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এতে বনাঞ্চলে গহ্বর সৃষ্টি, ভূমিধস ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেগুনজাতীয় গাছ, বাঁশ, অন্যান্য প্রজাতির বৃক্ষ, লতা ও গুল্ম ক্ষতিগ্রস্ত হয়। উদ্যানে থাকা পোকামাকড়, কীটপতঙ্গ, সাপ, গিরগিটি, তক্ষক, মায়ামৃগ, বন্যশূকর, উল্লুক ও অসংখ্য ছোট-বড় দুর্লভ প্রজাতির পাখি আগুনের তাপে মারা যায়।পাখিবিশেষজ্ঞ শরীফ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এপ্রিল থেকে জুন হচ্ছে পাখির প্রজননকাল। দুর্ঘটনার সময় ডালে ডালে বাসায় অনেক পাখির বাচ্চা ছিল। বিস্ফোরণের পর এখানকার বেশির ভাগ পাখি ও নিশাচর প্রাণী দিশেহারা হয়ে পড়ে। পাখিরা বাসা ফেলে উড়ে যাওয়ায় অনেক বাচ্চা না খেয়ে ও অনেকগুলো পুড়ে মারা যায়। এতে জীব ও উদ্ভিদবৈচিত্র্য এবং মাটির অনেক ক্ষতি হয়েছে। মনে হয় না বনটি অগ্নিকাণ্ডের ধকল এখনো কাটিয়ে উঠতে পেরেছে।’ শরীফ খান বলেন, বেশ কিছু দিন উদ্যানে লোকজন ঢুকতে না দিলে হয়তো পরিবেশ কিছুটা আগের অবস্থায় ফিরত। দুর্ঘটনার পর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক পানি শোষণব্যবস্থা, প্রাকৃতিক পানিপ্রবাহ, ভূগর্ভস্থ পানিস্তরের অধোগমন, প্রাণীবৈচিত্র্য, ভূমিস্থ অণুজীব এবং মৃত্তিকার পুনর্বাসন আগের অবস্থায় ফিরিয়ে আনতে ৬০০ কোটি টাকা প্রয়োজন। অক্সিডেন্টালের কাছে এই টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়। কিন্তু পরিবেশ ও বন বিভাগ সূত্র নিশ্চিত করেছে, অক্সিডেন্টালের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি। লাউয়াছড়া পানপুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) ফিলা পতমী গতকাল প্রথম আলোকে বলেন, ‘কূপ থেকে উড়ে আসা পোড়া কাঁকরবালিতে বনের অনেক স্থানে লাল কার্পেটের মতো দুই ইঞ্চি পুরু স্তর জমেছিল। এতে ছোট ছোট অনেক উদ্ভিদ হারিয়ে গেছে। এখন আর তা দেখা যায় না।’ ফিলা পতমী বলেন, লাউয়াছড়াতে আগত পর্যটকদের চিৎকার-চেঁচামেচিতে বন্য প্রাণী আতঙ্কে থাকে।বন্য প্রাণী-ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বন বিভাগ কোনো ক্ষতিপূরণ পায়নি। এ নিয়ে এখন কোনো আলাপ-আলোচনা হচ্ছে না।’পরিবেশ অধিদপ্তর সিলেটের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, ‘পরিবেশ অধিদপ্তর ক্ষতিপূরণ পায়নি।’ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাগুরছড়ার বিষয়টি যিনি দেখতেন, তিনি অবসরে চলে গেছেন। আমি খোঁজ নিয়ে দেখব, ক্ষতিপূরণের বিষয়টি কী অবস্থায় আছে।’এদিকে অক্সিডেন্টালের স্থলাভিষিক্ত গ্যাস-তেল অনুসন্ধানকারী কোম্পানি শেভরনের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, শেভরন ‘প্রকৃত ক্ষতিগ্রস্তদের’ ক্ষতিপূরণ দিয়েছে। মাগুরছড়া দিবসের কর্মসূচি: গ্যাস-তেল ও পরিবেশের ক্ষতিপূরণের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় ন্যাপ-গণতন্ত্রী পার্টি-বাসদ ও সিপিবি সম্মিলিতভাবে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে মানববন্ধন করবে। এ ছাড়া মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন সকাল ১০টায় শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে মানববন্ধন করবে।