ধকল কাটিয়ে উঠেছে গুলশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর বেশ কিছুদিন যেন থমকে ছিল রাজধানীর গুলশানের জীবনযাত্রা। গুলশান ও এর আশপাশের এলাকার ব্যবসায় দেখা দিয়েছিল মন্দা। এক বছর পর জীবনযাত্রা এখন অনেকটাই স্বাভাবিক। আমূল পরিবর্তন এসেছে গুলশানের নিরাপত্তাব্যবস্থায়। ব্যবসার মন্দা পরিস্থিতিও কেটে যাচ্ছে।

গত বছরের ১ জুলাই হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর বদলে গেছে গুলশান। কিছু দূর পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি, সড়কের মোড়ে মোড়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা, সাধারণ রিকশা ও বাস চলাচল নিয়ন্ত্রণ করে বিশেষ বাস ও রিকশাসেবা চালু, কিছু সড়কে নিয়ন্ত্রিত যান চলাচল, গুলশান লেকে নৌ-পারাপার বন্ধ। এসব নিরাপত্তাব্যবস্থা এখন গুলশানের সর্বত্র।

গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত বলেন, হোলি আর্টিজানে হামলার পরে গুলশান এখন দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি, সড়কে সিসি ক্যামেরা, নিরাপত্তাকর্মীর সংখ্যা বৃদ্ধিতে গত এক বছরে গুলশানে অপরাধও অনেক কমে গেছে।

গুলশান থানা এলাকায় ২০১৫ সালের ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা দিয়ে সীমিত পরিসরে নজরদারি শুরু হয়। হোলি আর্টিজানে হামলার পর গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকায় সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে এসব এলাকায় প্রায় এক হাজার সিসি ক্যামেরা রয়েছে। গুলশান ২ নম্বরে পুলিশ ফাঁড়িতে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণকক্ষ করা হয়েছে। গুলশানের গুরুত্বপূর্ণ স্থানে এবং সড়কের মোড়ে লোহার খুঁটিতে সিসি ক্যামেরা লাগানো।

হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর বনানী ও গুলশানে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মানুষের চলাচলের সুবিধার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বিশেষ বাসসেবা চালু করা হয়। পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে বিশেষ রঙের রিকশাও চালু করা হয়। তবে এই পথের নিয়মিত যাত্রীরা বিশেষ বাসের ভাড়া ও রিকশার অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

হোলি আর্টিজানে হামলার বিরূপ প্রভাব পড়েছিল ওই এলাকার হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়। গুলশানের আবাসিক হোটেলগুলোর অতিথির সংখ্যা অনেক কমে গিয়েছিল। সেই মন্দা কেটে যাচ্ছে। বিদেশি অতিথিরাও নিয়মিত আসছেন, তবে সংখ্যা আগের তুলনায় কম।

গত বৃহস্পতিবার গুলশানের তিনটি হোটেল ও পাঁচটি রেস্তোরাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, হোলি আর্টিজান বেকারিতে হামলার পর গুলশানে রেস্তোরাঁর ব্যবসা ৮০ শতাংশ কমে গিয়েছিল। আবাসিক হোটেল ও গেস্টহাউসে অতিথির সংখ্যা ধারণ ক্ষমতার ৫-১০ শতাংশে নেমে গিয়েছিল। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে বিদেশিরা রেস্তোরাঁয় এসে আগের মতো দীর্ঘ সময় থাকেন না।

হোটেল ওয়েস্টিনের বিক্রয় ও বিপণন পরিচালক মো. আল-আমিন বলেন, হোলি আর্টিজানে হামলার পরের মন্দাভাব এখন নেই। খুব দ্রুতই ওয়েস্টিন তা কাটিয়ে ওঠে। বৃহস্পতিবার ওয়েস্টিনে প্রায় ৯৮% কক্ষে অতিথি ছিলেন। তাঁদের প্রায় সবাই বিদেশি।

ফেডারেশন অব হোটেল, গেস্টহাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের হিসাবমতে, গুলশানে হোটেল ও গেস্টহাউস আছে ৩৩টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসব হোটেল ও গেস্টহাউস বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।

গুলশানের হোটেল লেক ক্যাসেলের নির্বাহী পরিচালক শামীম হাসনাইন প্রথম আলোকে বলেন, ওই হামলার পর বিদেশি অতিথির সংখ্যা একেবারেই কমে গিয়েছিল। ধীরে ধীরে অতিথির সংখ্যা বেড়েছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরামর্শকের কাজ করেন সুইডিশ নাগরিক সেবাস্তিয়ান পেজ। বৃহস্পতিবার দুপুরে আরও কয়েকজন সঙ্গী নিয়ে খেতে যান গুলশান ২ নম্বরের বিস্ট্রো ই ক্যাফেতে। দেড় বছর আগে বাংলাদেশে আসা সেবাস্তিয়ান বলেন, ‘সারা বিশ্বেই সন্ত্রাসবাদ সমস্যা। এর ভয়ে ভীত থাকলে জীবন চলবে না।’ বাংলাদেশ অন্য অনেক দেশের চেয়ে তুলনামূলক নিরাপদ বলে তিনি মনে করেন।

বিস্ট্রো ই ক্যাফের সহকারী ব্যবস্থাপক শামীম শরীফ বলেন, গুলশানে হামলার পরের কয়েক দিন ব্যবসা করুণ ছিল। এখন বিদেশি অতিথিরা নিয়মিত আসছেন।

ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক জোনের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন গত শুক্রবার প্রথম আলোকে বলেন, কূটনৈতিক এলাকায় নেওয়া নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিদেশিরা স্বস্তির মধ্যে আছেন।