ধঞ্চে চাষে মাটির উর্বরতা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে মাটির উর্বরতা বাড়াতে কৃষকদের ধঞ্চে চাষের উৎসাহ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ জন্য সংস্থার পক্ষ থেকে ১৭ জুলাই ধঞ্চে চাষ প্রদর্শনী মাঠ দিবস পালিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর-লক্ষ্মীপুর এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে ধঞ্চে চাষের প্রদর্শনী মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. বাছির উদ্দিন। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আজিজ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মো. শহীদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ভবসিন্ধু রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম হোসেন ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী অহিদ উল্লাহ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা বলেন, ধঞ্চে লাগালে জমির উর্বরতা বাড়ে। পাশাপাশি পশুখাদ্য হিসেবেও এটি ব্যবহৃত হয়। তবে জমির উর্বরতা বাড়ানোর জন্য ধঞ্চে ঘাস জন্মানোর ৫০-৫৫ দিনের মধ্যে কেটে মাটিতে মিশিয়ে দিতে হবে। এর এক সপ্তাহ পর জমিতে আমন ধান লাগাতে হবে। ধঞ্চে মাটিতে মিশে গেলে প্রতি হেক্টর জমিতে ৮০-৯০ কেজি নাইট্রোজেন উৎপন্ন হয়।