ধনবাড়ীতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গুলি
জাল ভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গুলি ও ভোট বর্জনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। দুটি ইউনিয়ন পরিষদে বিশৃঙ্খলা হলেও বাকি পাঁচটিতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়।
বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের চারিশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন ব্যালট বাক্স ছিনতাই ও জাল ভোট প্রদানের চেষ্টা করলে পুলিশ সাতটি ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শেখ মো. আবদুল্লাহ ও এএসআই রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই ইউনিয়ন পরিষদে বিএনপির প্রার্থী মো. আবদুল আজিজ আওয়ামী লীগের বিরুদ্ধে চারিশিমুল কেন্দ্রসহ যদুনাথপুর, জাগিরাচালা, ইসলামপুর, পাথালিয়া, কলহপুরাসহ কয়েকটি কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জন করেন।
বেলা দেড়টার দিকে ধোপাখালী ইউনিয়নের হাজরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকবর হোসেনের সমর্থকেরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ ছয়জনকে আটক করে।