ধনবাড়ীতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে আগামী মঙ্গলবার ভোট নেওয়া হবে। এতে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত ধনবাড়ী উপজেলা পরিষদে ২০১৪ সালে নির্বাচন হয়। তখন ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন বিএনপির প্রার্থী মো. মহর উদ্দিন। গত ১২ মার্চ তাঁর মৃত্যুতে পদটি শূন্য হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান বলেন, ধনবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ৭৬ জন। ৪৯টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।
উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, তাঁর পক্ষে জনসমর্থনের জোয়ার বইছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁকেই নির্বাচিত করবেন ভোটাররা।
বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে জনমত তাঁর দিকেই রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনিই জয়ী হবেন। তবে আওয়ামী লীগ দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য কারচুপি করতে পারে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থীর চেয়ে আওয়ামী লীগের প্রার্থী অনেক যোগ্যতাসম্পন্ন। কাজেই ভোটাররা কেন্দ্রে গিয়ে ধনবাড়ীতে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনা করে নৌকা মার্কাতেই ভোট দেবেন।
ধনবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক এস এম সোবাহান বলেন, ২০১৪ সালে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী জয়ী হয়েছিলেন। নির্বাচন সুষ্ঠু হলে এবার উপনির্বাচনেও তাঁরাই জয়ী হবেন।
উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচনে কারচুপির আশঙ্কা নেই। নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ছাড়াও বিজিবি, র্যা ব ও আর্মড পুলিশ মোতায়েন থাকবে।