চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীর যে ৫০ স্থানে বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে, সেগুলো সরাতে বেড়া স্থাপনকারীদের নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কার্যালয় থেকে এ নোটিশ দেওয়া হয়।
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার গতকাল বলেন, ধনাগোদা নদীর মতলব দক্ষিণ উপজেলার কাজিরবাজার থেকে নায়েরগাঁও এলাকা পর্যন্ত যে ১৬ ব্যক্তি অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছেন, তাঁদের প্রত্যেককে বেড়া সরাতে আজ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে বেড়া সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বলেন, ধনাগোদা নদী থেকে বেড়া সরাতে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পেয়েছেন। নির্দেশনা পেয়ে রোববার বেড়ার মালিকদের নোটিশ দিয়েছেন। নির্ধারিত সময়ে যাঁরা বেড়া সরাবেন না, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত ৩১ জানুয়ারি প্রথম আলোয় ‘৫০ স্থানে বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে একটি সচিত্র সংবাদ ছাপা হয়।